বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষায় বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: ববি হাজ্জাজ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১২:১৭ পিএম

প্রাথমিক শিক্ষায় বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল সিইও রীনা ঘেলানির সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বিচ্ছিন্ন কোনো প্রকল্প দিয়ে নয়, বরং প্রাথমিক শিক্ষায় মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য কেবল শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নিজের অফিস কক্ষে উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানির সঙ্গে বৈঠককালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ, মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাৎকালে সংস্থাটির গ্লোবাল সিইও রীনা ঘেলানি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিমন্ত্রীর নেতৃত্ব ও বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ তাদের অন্যতম অগ্রাধিকার। আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন-পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে প্রান্তিক পর্যায়ের শিশুদের কাছে শিক্ষার সুফল পৌঁছে দিতে সংস্থাটি সরকারের সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতার পাশাপাশি সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করতে নানা কার্যক্রম চলছে।

বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায় থেকে ঝরে পড়া রোধ, নিরাপদ ও শিশুবান্ধব বিদ্যালয় পরিবেশ নিশ্চিতকরণ, পৃথক স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত সুবিধা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে সক্ষম করে তোলার বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।