সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করার আশ্বাস ববি হাজ্জাজের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০৯:৩০ পিএম

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করার আশ্বাস ববি হাজ্জাজের

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে দ্রুত নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বর্তমানে সারা দেশে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার কোতোয়ালি এলাকার মাহুতুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।

প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের লক্ষ্যে সরকারি কর্ম কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, এই নিয়োগপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হলে প্রতিটি বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা ও নেতৃত্বের কার্যকারিতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে যোগ্য ও অভিজ্ঞ সহকারী শিক্ষকদের পদোন্নতির বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

বিদ্যমান নিয়োগবিধি ও কমিশনের নির্ধারিত প্রক্রিয়ার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, প্রধান শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শেষ হলে প্রাথমিকে নতুন করে সহকারী শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তাও দেখা দেবে।

বিদ্যালয় দুটি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিখন উপকরণ বা লার্নিং টয়েস তুলে দেন। তিনি শিশুদের খেলাধুলার মাধ্যমে অর্জিত শিখনদক্ষতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রাথমিক স্তরের মৌলিক শিখনদক্ষতার মান যাচাই করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।