অক্টোবর ২৬, ২০২৬, ১০:২৬ পিএম
ভালো আছো তো নাটকটি প্রকাশের মাত্র দুদিনের মাথায় এক কোটি ভিউর মাইলফলক স্পর্শ করেছে। নির্মাতা জাকারিয়া সৌখিনের পরিচালনায় নির্মিত এই নাটকটি দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করার পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের পর থেকে নাটকটির মন্তব্যঘরে লক্ষাধিক পছন্দ এবং হাজার হাজার ইতিবাচক প্রতিক্রিয়া জমা হয়েছে।
নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা।
এর আগে ‘মনদুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকে একসঙ্গে কাজ করে প্রশংসিত হলেও নতুন এই নাটকটির দর্শকপ্রিয়তা তাদের আগের সব সাফল্যকে ছাড়িয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন বিনোদনমূলক ও নাট্যগ্রুপগুলোতেও কাজটি নিয়ে প্রশংসাসূচক আলোচনা চলছে।
দর্শকদের মতে, গল্পের গোছানো সূচনা, ধারাবাহিক গভীরতা, বাস্তবসম্মত সংলাপ এবং আবেগঘন দৃশ্যায়নের সমন্বয় নাটকটিকে স্বতন্ত্র রূপ দিয়েছে। বিশেষ করে নাটকের শেষ দৃশ্যটি দর্শকদের মনে গভীর অনুভূতি তৈরি করেছে।
সাফল্যের অনুভূতি প্রকাশ করে পরিচালক জাকারিয়া সৌখিন জানান, তিনি সবসময় নিজের পছন্দ ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে নির্মাণ করতে চান। কাজের এমন প্রাপ্তি ও দর্শকের স্বীকৃতি আনন্দের সঞ্চার করে। এই অর্জনকে দলগত সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি প্রযোজক, অভিনয়শিল্পী, পুরো কলাকুশলী এবং দর্শকদের ধন্যবাদ জানান।
প্রযোজনা সংস্থা সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এমন দ্রুত অর্জনের জন্য তারা দর্শকদের প্রতি কৃতজ্ঞ। অপূর্ব, নীহা ও পরিচালকের যৌথ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, রুচিশীল ও মানসম্পন্ন কনটেন্ট নির্মাণের এই ধারাবাহিকতা তাদের আগামী কাজের ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
নাটকটিতে অপূর্ব ও নীহার সঙ্গে আরও অভিনয় করেছেন মিলি বাশার, সমাপ্তি মাশুক এবং প্রান্ত। নাটকের একমাত্র গান ‘যাকে ভালোবেসেছি’-এর কথা লিখেছেন আহমেদ রিজভী। সাজিদ সরকারের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও রুমি রুসা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন