মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬,
পরীমণির জন্মদিনের উপহার

শিউলি ফুল নিয়ে রহস্যের জবাব দিলেন পরীমনি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ১০:৫৬ পিএম

শিউলি ফুল নিয়ে রহস্যের জবাব দিলেন পরীমনি

ছবি: সংগৃহীত

জন্মদিনে উড়োজাহাজে করে আসা দুই মণ শিউলি ফুল উপহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া নানা জল্পনার জবাব দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

গত শনিবার (২৪ অক্টোবর) ছিল এই অভিনেত্রীর ৩৪তম জন্মদিন। জন্মদিন উদযাপনের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইচ্ছার কথা জানিয়ে দুপুর ১২টার মধ্যে দুই মণ শিউলি ফুল চেয়েছিলেন তিনি। সেই ইচ্ছার কথা জানতে পেরে এক শুভাকাঙ্ক্ষী বন্দরনগরী চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে ঢাকায় ফুল পাঠিয়ে দেন। উপহারদাতার পরিচয় নিয়ে আলোচনার মধ্যে অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের একটি পোস্ট ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়।

রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় সহকর্মী, বন্ধু ও সংবাদকর্মীদের সাথে জন্মদিনের আয়োজনে অংশ নেন পরীমণি।

অনুষ্ঠানের সামগ্রিক সাজসজ্জা এবং নিজের পোশাকেও ছিল শিউলি ফুলের আবহ। রেস্তোরাঁর প্রবেশমুখের সিঁড়ি সাজানো হয়েছিল শিউলি ফুল দিয়ে এবং অভিনেত্রীর পরনেও ছিল ফুলের নকশাযুক্ত শাড়ি।

আয়োজনে পরীমণি জানান, শিউলি ফুলের ক্ষণস্থায়ী সতেজতার কারণে এত বিপুল পরিমাণ ফুল নির্দিষ্ট সময়ে সংগ্রহ করা বেশ জটিল ছিল। কিন্তু এক শুভাকাঙ্ক্ষী তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়ে চট্টগ্রাম থেকে বিমানে করে এই উপহার পাঠিয়ে দেন।

বিষয়টি প্রকাশ্যে আসার পর শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি পরীমণির অতিথি পরায়ণতা ও অভিনয় জগতের মানুষের প্রতি আন্তরিক সম্পর্কের প্রশংসা করেন। একই সাথে রসিকতার ছলে প্রশ্ন তোলেন, চট্টগ্রামের কোন ধনী ব্যক্তির স্বামী এই ফুল পাঠিয়েছেন। পাশাপাশি নিজের অভিজ্ঞতা টেনে জয় কৌতুক করে লেখেন, এমন উপহার তিনিও অতীতে অনেককে দিয়েছেন কিন্তু কখনো ধরা পড়েননি।

জয়ের এই রসিকতামূলক প্রশ্নের মন্তব্যের ঘরে পরীমণি স্পষ্ট করেন যে, উপহার পাঠানো ব্যক্তি কোনো পুরুষ নন।

তিনি জানান, ফুল পাঠানো শুভাকাঙ্ক্ষী একজন নারী। তবে ওই নারীর নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করা থেকে বিরত থাকেন অভিনেত্রী।

জন্মদিনের এই বিশেষ আয়োজনে নিজের নতুন চলচ্চিত্র ‘ফারজানা’র আনুষ্ঠানিক ঘোষণাও দেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান।

চলচ্চিত্রটির সিংহভাগ দৃশ্যধারণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অভিনেত্রী জানান, প্রায় ছয় মাস আগেই এই চরিত্রের জন্য তাঁর লুক চূড়ান্ত করা হয়েছিল। বাকি অংশের চিত্রায়ণ শেষ হলে কাজটির বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

পরিচালক তারেক রহমান জানান, ‘ফারজানা’ চলচ্চিত্রে একজন সংগ্রামী নারীর জীবনের জটিল বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই চরিত্রের মধ্য দিয়ে দর্শক পর্দায় একেবারেই নতুন এক পরীমণিকে দেখতে পাবেন।