অক্টোবর ২৬, ২০২৬, ১১:০৫ পিএম
নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেছেন, সামাজিক অবক্ষয় কার্যকরভাবে রোধ করতে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় চেতনায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৈতিক ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজের বিভিন্ন স্তরে সংকট দেখা দিচ্ছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, সুদৃঢ় ধর্মীয় মূল্যবোধ ধারণ না করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা কোনোভাবেই সম্ভব নয়। সে কারণে ভবিষ্যৎ প্রজন্মের পাঠ্যক্রমে ধর্মীয় মূল্যবোধ অন্তর্ভুক্ত করার কোনো বিকল্প নেই।
দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে পড়লে তা কোনো জাতির জন্যই ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।
তবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে জাতীয় শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি। প্রতিযোগিতাপূর্ণ বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে আধুনিকায়নের পথে হাঁটা অপরিহার্য।
মাদরাসা শিক্ষাকে সমসাময়িক চাহিদার উপযোগী করে রূপান্তর করতে সরকার ইতিমধ্যে বিভিন্ন বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী।
আন্তর্জাতিক শ্রমবাজারে ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের বিপুলসংখ্যক প্রবাসী কঠোর পরিশ্রম করছেন। কর্মীরা আরবি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পবিত্র কুরআন হিফয সম্পন্ন করা এক হাজার ৭৫৭ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন