সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
মানব পাচার প্রতিরোধ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের বৈঠক

জাতীয় ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০৮:৫৭ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের বৈশ্বিক প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুদা মাকসুদি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সংস্থাটির প্রধানের মধ্যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ডিজিটাল জাতীয় রেফারেল মেকানিজম বা এনআরএম প্ল্যাটফর্ম এবং পাচারের শিকার ব্যক্তিদের টেকসই পুনর্বাসন নিয়ে বিস্তৃত আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংঘবদ্ধ অপরাধ দমন ও মানব পাচার রোধে বর্তমান সরকার শূন্য সহনশীলতা নীতিতে অটল রয়েছে।

ভুক্তভোগীদের সার্বিক সুরক্ষা, টেকসই পুনর্বাসন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় নিতে জাতীয় রেফারেল মেকানিজম ও মানব পাচার প্রতিরোধ তহবিল সক্রিয়ভাবে পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট কার্যক্রম ও নতুন প্রকল্প অনুমোদন দ্রুত সম্পন্ন করতে মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা দিচ্ছে।

অনলাইন মাধ্যমে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণায় জড়িত চক্রগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মাকসুদা মাকসুদি বাংলাদেশে মানব পাচার রোধে ২০০৮ সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ অংশীদারিত্বে কাজ করার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ এবং ২০২৬ থেকে ২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে উইনরকের পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান উপস্থিত ছিলেন। এ ছাড়া উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর দীপ্তা রক্ষিত ও নাসিরউদ্দিন মাহমুদ চৌধুরী সভায় অংশ নেন।