সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত ও চুক্তি স্থগিতের সুপারিশ

জাতীয় ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০৭:২০ পিএম

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত ও চুক্তি স্থগিতের সুপারিশ

দেশের বিভিন্ন অঞ্চলে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন।

আলোচনায় সারের সামগ্রিক মজুত, বিতরণ ব্যবস্থা এবং ডিলার নিয়োগে নানা অনিয়মের চিত্র উঠে আসে। এ সময় কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে মাঠপর্যায়ে সরেজমিনে পরিদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সার ব্যবস্থাপনা, বিতরণ ও অবৈধ মজুতদারির মতো অনিয়ম চিহ্নিত করে সমাধানের সুপারিশ প্রণয়নে মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত উপকমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল এবং সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা।

সংসদীয় কমিটির বৈঠক সূত্র জানায়, যেসব এলাকায় ডিলার নিয়োগ নিয়ে অনিয়ম ও আইনি অসংগতির অভিযোগ উঠেছে, সেখানে কঠোর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। বিশেষ করে যেসব ক্ষেত্রে এখনও চূড়ান্ত চুক্তি সম্পাদিত হয়নি, সেখানে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখার সুস্পষ্ট তাগিদ দিয়েছে কমিটি। অন্যদিকে যেসব ক্ষেত্রে ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে, সেগুলোতে উত্থাপিত অভিযোগ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর—এই ছয় জেলার ডিলারশিপ নিয়োগের গুরুতর অভিযোগগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা ও মো. গোলাম রছুল অংশ নেন। এছাড়াও কৃষি সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার মহাপরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।