সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি

বীরগঞ্জে দুর্গা মন্দির মাঠে রাতভর কবিগানের আসর মেতে উঠেছে গ্রামীণ জনপদ

জাহিদ হাসান

অক্টোবর ২৬, ২০২৬, ০৭:০৫ পিএম

বীরগঞ্জে দুর্গা মন্দির মাঠে রাতভর কবিগানের আসর মেতে উঠেছে গ্রামীণ জনপদ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রেমবাজার-সংলগ্ন অধিকারীপাড়া সার্বজনীন দুর্গা মন্দির মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগান। বাংলার লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের এই লোকজ আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রোববার (২৫ অক্টোবর) রাত ১০টায় অনুষ্ঠিত এই কবিগান আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু।

প্রধান অতিথির বক্তব্যে রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, একটি সুস্থ সমাজ বিনির্মাণে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক মূল্যবোধ রক্ষার কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, এ দেশের প্রতিটি নাগরিক নিজস্ব ধর্মীয় উৎসব ও আচার সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করবে এবং সবাই মিলেমিশে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করবে—এটাই সবার আন্তরিক প্রত্যাশা। সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের যে আনন্দ-উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, তা সমাজের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত।

বীরগঞ্জ ও কাহারোল উপজেলার অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম এলাকার উন্নয়নে সার্বক্ষণিক শ্রম দিয়ে যাচ্ছেন। গ্রামীণ রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বৃদ্ধিতে চলমান প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্বাচিত জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে বীরগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড আরও বহুদূর এগিয়ে যাবে।

উন্নয়নের সংজ্ঞায়ন করতে গিয়ে তিনি বলেন, উন্নয়ন মানে কেবল ইট-পাথরের রাস্তাঘাট বা পাকা সেতু নির্মাণ নয়; উন্নয়ন হলো সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, আস্থা ও অসাম্প্রদায়িক সম্প্রীতির আত্মিক বন্ধন দৃঢ় করা। এমন একটি মানবিক সমাজ গঠন করা জরুরি যেখানে ধর্মের ভিত্তিতে কেউ অবহেলিত বা নিরাপত্তাহীন থাকবে না এবং সর্বস্তরের নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবে।

গ্রামীণ কবিগানের ভূয়সী প্রশংসা করে এই বিএনপি নেতা বলেন, কবিগান হলো আমাদের মাটির শেকড়ের সংস্কৃতি এবং আবহমান বাংলার ঐতিহ্য ও অহংকারের প্রতীক। এই ধরনের সাংস্কৃতিক উৎসব সামাজিক বন্ধন মজবুত করে এবং আনন্দ ছড়িয়ে দেয়।

তিনি আরও যোগ করেন, তথ্যপ্রযুক্তির যুগে তরুণ ও নতুন প্রজন্মকে বাংলার সমৃদ্ধ লোকজ ঐতিহ্যের সাথে সুনিবিড়ভাবে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। রাজনৈতিক মতপার্থক্য কিংবা আদর্শিক বিভাজন থাকতে পারে, কিন্তু সামাজিক সম্প্রীতি রক্ষা ও এলাকার সামগ্রিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বাবুল হোসেন এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মো. ওবাইদুল হক।

সমাবেশে উপস্থিত অতিথিরা গ্রামীণ সমাজে নিয়মিত লোকসংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সুস্থ সংস্কৃতির বিকাশ যুবসমাজকে সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।