রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,
মাদকবিরোধী ডিবি অভিযান

দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ নারী

মো: মামুনুর রশিদ

অক্টোবর ২৫, ২০২৬, ০৯:৫৫ পিএম

দিনাজপুরে ডিবি পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১ নারী

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত ৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ দুই লাখ ৩৫০ টাকাসহ রুনা আক্তার সুমি (৩২) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে দিনাজপুর কোতোয়ালি থানাধীন ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের তাজপুর নতুনপাড়া গ্রামে এই সফল অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর পিপিএমের সরাসরি নেতৃত্বে ডিবির একটি চৌকস দল এই অভিযান সম্পন্ন করে।

গ্রেপ্তার রুনা আক্তার সুমি তাজপুর নতুনপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুমির বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাঁর দেহ তল্লাশি করে তাৎক্ষণিকভাবে সাত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাঁর দেওয়া স্বীকারোক্তি ও দেখানো তথ্যমতে বসতঘরের তোশকের নিচে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা আরও ৫০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।

সব মিলিয়ে ১০০ মিলিগ্রাম ওজনের মোট ৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়। একই সাথে মাদক বেচাকেনার মাধ্যমে অর্জিত নগদ দুই লাখ ৩৫০ টাকা জব্দ করেছে পুলিশ।

জেলা পুলিশের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রুনা আক্তার সুমি উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে সংরক্ষণের বিষয়টি অকপটে স্বীকার করেছেন।

পুলিশের অপরাধ রেকর্ডে দেখা গেছে, গ্রেপ্তার এই নারীর বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।