সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

লাল কার্ড দেখে নেইমারের হুমকি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৬, ১০:৫১ পিএম

লাল কার্ড দেখে নেইমারের হুমকি

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে নিজের স্বাভাবিক নৈপুণ্যের চেয়ে উগ্র মেজাজ ও অসদাচরণের জন্য আবারও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস ও বাহিয়ার মধ্যকার এক-এক গোলে ড্র হওয়া ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন সান্তোসের এই দশ নম্বর জার্সিধারী খেলোয়াড়। তবে ম্যাচের সমতাসূচক ফলাফলের চেয়ে নেইমারের মারমুখী আচরণ, রেফারির সিদ্ধান্ত এবং মাঠ ছাড়ার সময় প্রতিপক্ষকে হুমকি প্রদানের ঘটনাই এখন ব্রাজিলের ক্রীড়াঙ্গনের প্রধান আলোচনার কেন্দ্রে।

খেলার শুরু থেকেই উভয় দলের ফুটবলারদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।

প্রথমার্ধে বল দখলের এক পর্যায়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেইমার। মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের শরীরে বল ছুড়ে মারলে দায়িত্বরত রেফারি সাভিও সাম্পাইয়ো তাৎক্ষণিকভাবে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন।

তবে সতর্কবার্তা পেয়েও শান্ত হননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

তিনি নেস্টরের পাশাপাশি বাহিয়ার প্রধান কোচ রজেরিও সেনির সাথেও উত্তপ্ত বাক্যবিনিময়ে লিপ্ত হন।

ম্যাচের প্রথমার্ধের বিরতিতে নেস্টর প্রকাশ্যে অভিযোগ আনেন যে, নেইমার কেবল তাকে ব্যক্তিগত আক্রমণই করেননি, বরং পুরো বাহিয়া ক্লাবকে চরম অবমাননা করেছেন।

কথোপকথনের বিস্তারিত প্রকাশ না করলেও নেস্টর দাবি করেন, নেইমারের মুখ থেকে বের হওয়া কটূক্তি শিশুদের উপস্থিতিতে উচ্চারণ করার মতো নয়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই মাঠে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মাঠে নেমে আবারও নেস্টরের মুখোমুখি হয়ে তর্কে জড়িয়ে পড়েন নেইমার। এ সময় হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষকে লক্ষ্য করে কিছু আপত্তিকর মন্তব্য করেন তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ম্যাচ পরিচালনাকারী রেফারি সাভিও সাম্পাইয়োর নজরে আনেন নেস্টর।

পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তথা ভিএআরের সহায়তা নিয়ে ভিডিও ফুটেজ বিশ্লেষণ শেষে নেইমারের আচরণকে শাস্তিযোগ্য গুরুতর অসদাচরণ হিসেবে চিহ্নিত করেন রেফারি এবং তাকে সরাসরি লাল কার্ড প্রদর্শন করেন।

লাল কার্ড দেখার পর নেইমারের ক্ষোভ চরমে পৌঁছায়।

তিনি মারমুখী ভঙ্গিতে নেস্টরের দিকে তেড়ে যান এবং পরিস্থিতি সামাল দিতে আসা বাহিয়ার ডিফেন্ডার মারকোস ভিক্তরের গলা চেপে ধরেন বলে ম্যাচের আনুষ্ঠানিক নথিপত্রে উল্লেখ করা হয়েছে। সান্তোসের সতীর্থ ও কর্মকর্তাদের হস্তক্ষেপে দীর্ঘ টানাপোড়েন শেষে তিনি মাঠ ছাড়েন।

মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার পথে ব্রাজিলিয়ান ডিজিটাল কনটেন্ট নির্মাতা পেদ্রো লোপেসের কাছে ঘটনার ব্যাখ্যা দেন নেইমার।

তিনি দাবি করেন, মাঠে তারা মূলত সাধারণ হাসিঠাট্টা করছিলেন। হাত দিয়ে মুখ ঢেকে কথা বলা ভুল ছিল স্বীকার করে তিনি অভিযোগ করেন, তিনি কিছু স্পষ্ট করার আগেই নেস্টর রেফারির কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন।

এদিকে স্থানীয় ক্রীড়া সম্প্রচারমাধ্যম স্পোরটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, টানেলে প্রবেশের মুখে প্রতিপক্ষ নেস্টরকে ‍‍`বাইরে দেখে নেওয়ার‍‍` স্পষ্ট হুমকিও দেন নেইমার।

এই বহিষ্কারাদেশের ফলে বড় ধরনের কৌশলগত সংকটে পড়েছে ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস।

আগের হলুদ কার্ডের ধারাবাহিকতায় পালমেইরাসের বিপক্ষে আসন্ন ম্যাচে এমনিতেই এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল ছিল তার। এবার সরাসরি লাল কার্ড ও সহিংস আচরণের দায়ে আরও এক ম্যাচ যুক্ত হওয়ায় সব মিলিয়ে পরবর্তী দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হচ্ছে নেইমারকে।