শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের খেলা নিয়ে জটিলতায় আইসিসি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৬, ০৯:২১ পিএম

পাকিস্তানে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের খেলা নিয়ে জটিলতায় আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৮ সালের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে পাকিস্তানকে। আইসিসির সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে এই বৈশ্বিক আসর। তবে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভারতীয় নারী দল পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না বলেই জানা গেছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান হাইব্রিড মডেলের চুক্তি অনুসারে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও নিরপেক্ষ ভেন্যুর বিষয়ে এখনো আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা দেয়নি আইসিসি।

পারস্পরিক এই সমঝোতা চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটিতে আইসিসির কোনো আসর বসলে অপর দেশকে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয়। গত বছর পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতেও একই পদ্ধতি অনুসরণ করে ভারতীয় দলের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলের সব ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, ভারতের ম্যাচগুলো বাদে আসরের বাকি সব ম্যাচ ঘরের মাঠেই সফলভাবে আয়োজনে আগ্রহী তারা।

বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতই এগিয়ে।

একটি বার্তা সংস্থাকে পিসিবির ওই সূত্র জানিয়েছে, ভারতকে বাদ দিয়ে গ্রুপ পর্ব ও নকআউটের সব ম্যাচ পাকিস্তানে করার পূর্ণ প্রস্তুতি রয়েছে তাদের। ভৌগোলিক সান্নিধ্য ও কম ভ্রমণ ব্যয়ের কারণে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে উপযুক্ত।

টুর্নামেন্টে ভারতীয় নারী দল শিরোপার অন্যতম শীর্ষ দাবিদার হওয়ায় নকআউট পর্ব ও ফাইনালের ভেন্যু নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। শর্ত অনুযায়ী, ভারত যদি নকআউট পর্বে না পৌঁছায় তবে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের ঐতিহাসিক লাহোরে। আর ভারত ফাইনালে জায়গা করে নিলে ট্রফি নির্ধারণী মহারণটি লাহোরের বদলে দুবাইয়ে সরিয়ে নিতে হবে।