শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,
মাদকবিরোধী অভিযান

পুলিশ কনস্টেবলসহ তিনজন আটক ১২০ পিস ইয়াবা উদ্ধার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৩২ পিএম

পুলিশ কনস্টেবলসহ তিনজন আটক ১২০ পিস ইয়াবা উদ্ধার

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের অভিযোগে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি ভাড়া বাসা তল্লাশি করে ১২০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

শনিবার সন্ধ্যায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার সংলগ্ন একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে ওই ভাড়া বাসায় কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশ কনস্টেবলসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করেন এবং তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং বাসা তল্লাশি চালিয়ে ১২০ পিস ইয়াবা উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের মধ্যে সারোয়ার মোর্শেদ যে পুলিশের ট্রাফিক বিভাগের একজন কর্মরত সদস্য, তা যাচাই করে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার দুপুরে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।