অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৪৭ পিএম
সমাজ থেকে মাদক, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার দূর করতে জুমার খুতবার মাধ্যমে জোরালো সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন উপলক্ষে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
ধর্মমন্ত্রী উল্লেখ করেন, সমাজের সার্বিক অবক্ষয় রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দেশের ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ আলেম-ওলামাদের বক্তব্য গভীর বিশ্বাস ও আস্থার সাথে গ্রহণ করে। তাই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে জুমার খুতবাকে কার্যকরভাবে ব্যবহারের তাগিদ দেন তিনি।
সম্মেলনে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টদের সামাজিক মর্যাদা রক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন মন্ত্রী।
তিনি জানান, নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় সেবকদের সরকারি সম্মানীর আওতায় আনার আনুষ্ঠানিক অঙ্গীকার করেছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে ধাপে ধাপে সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম চালু করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে ধর্ম মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার বছরের মধ্যে দেশের ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় নেতাদের পর্যায়ক্রমে সরকারি এই নিয়মিত সম্মানী কাঠামোর আওতায় আনা হবে।
ইমাম ও আলেম সমাজের ঐতিহাসিক ভূমিকার স্মৃতিচারণ করে ধর্মমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার সময়েও দেশের ইমাম, ওলামা ও পীর-মাশায়েখরা সবসময় সহযোগিতা করেছেন। এমনকি দলের প্রতিষ্ঠালগ্নে অনুষ্ঠিত আস্থা গণভোটেও আলেম সমাজের তাৎপর্যপূর্ণ অবদান ছিল।
তিনি আরও জানান, ইমাম ও মুয়াজ্জিনদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং মর্যাদা বৃদ্ধিতে ১৯৯৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে ২ কোটি টাকার কল্যাণ তহবিল গঠন করেছিলেন, সময়ের ব্যবধানে তা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রায় ১০০ কোটি টাকায় উন্নীত হয়েছে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রার সভাপতিত্বে এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বিএনপি চেয়ারম্যানের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহিল বাকী নদভী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন