নভেম্বর ১৯, ২০২৬, ০৮:২৯ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা ঠেকাতে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব ও সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা পরিহার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে মসজিদের ইমাম ও খতিবদের জুমার খুতবায় বক্তব্য দিয়ে জনসচেতনতা তৈরির আহ্বান জানান ধর্মমন্ত্রী।
সন্দেহজনক কর্মকাণ্ড নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
দেশের শান্তি, স্থিতিশীলতা ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন