বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬,

হাটহাজারীতে দুই বাইকের সংঘর্ষে দুই ভাই নিহত, আহত অন্তত পাঁচজন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৬, ০৮:১৩ পিএম

হাটহাজারীতে দুই বাইকের সংঘর্ষে দুই ভাই নিহত, আহত অন্তত পাঁচজন

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের হায়দার আলি সিপাহীর বাড়ির হারুনের ছেলে ইফতেখার মাহমুদ তুষার (৩২) ও ইমতিয়াজ মাহমুদ ইরাত (২৮)।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে ফরহাদাবাদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে হাটহাজারী সদরের দিকে যাচ্ছিলেন দুই ভাই। চারিয়া মুছার দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুই মোটরসাইকেলের অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তুষারকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইরাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সানজিদা তাবাসসুম তুষারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় তুষার ঘটনাস্থলেই প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে ইরাতের মৃত্যু হয়। একই ঘটনায় অপর মোটরসাইকেলের যাত্রী হাটহাজারীর ফাহিম (১৯) আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান।