নভেম্বর ১৯, ২০২৬, ০৮:২১ পিএম
দীর্ঘ ৫৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাবনা রেলস্টেশনে এক জোড়া আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম।
স্বাধীনতার পর থেকে এই রুটে সরাসরি ট্রেন চালুর দাবি ছিল পাবনাবাসীর।
আগে ঈশ্বরদী ও চাটমোহরসহ কয়েকটি এলাকায় রেল যোগাযোগ থাকলেও জেলা সদর ও দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের রাজধানী ঢাকায় যেতে সড়কপথের ওপর নির্ভর করতে হতো। ২০১৯ সালে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চালু হলেও ঢাকায় যাতায়াতে যানজট, দীর্ঘ সময় ও বাড়তি খরচের ভোগান্তি পোহাতে হতো শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের।
নতুন রুটে পাবনা প্রভাতী এক্সপ্রেস ও পাবনা গোধূলি এক্সপ্রেস নামে এক জোড়া আন্তঃনগর ট্রেন চলবে। ভারত থেকে আমদানি করা ১২টি বগি যুক্ত করা হয়েছে ট্রেন দুটিতে, যেখানে মোট আসন ৮৫২টি।
পাবনা থেকে পাবনা প্রভাতী এক্সপ্রেসে ঈশ্বরদীতে শোভন চেয়ারে ৫০ টাকা ও স্নিগ্ধায় ১১৫ টাকা, চাটমোহরে শোভন চেয়ারে ৭০ টাকা ও স্নিগ্ধায় ১১৩ টাকা, বড়ালব্রিজে শোভন চেয়ারে ৮৫ টাকা ও স্নিগ্ধায় ১৫৬ টাকা এবং উল্লাপাড়ায় শোভন চেয়ারে ১১০ টাকা ও স্নিগ্ধায় ২০৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শহীদ এম মনসুর আলী স্টেশনে শোভন চেয়ারে ১৩০ টাকা ও স্নিগ্ধায় ২৪৮ টাকা, টাঙ্গাইলে শোভন চেয়ারে ৩১৫ টাকা ও স্নিগ্ধায় ৫৯৮ টাকা, জয়দেবপুরে শোভন চেয়ারে ৩৮৫ টাকা ও স্নিগ্ধায় ৭৩৬ টাকা এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে শোভন চেয়ারে ৪২৫ টাকা ও স্নিগ্ধায় ৮১৭ টাকা ভাড়া রাখা হয়েছে।
অন্যদিকে পাবনা গোধূলি এক্সপ্রেসে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে জয়দেবপুরে শোভন চেয়ারে ৫০ টাকা ও স্নিগ্ধায় ১১৫ টাকা, টাঙ্গাইলে শোভন চেয়ারে ১১৫ টাকা ও স্নিগ্ধায় ২১৯ টাকা, শহীদ এম মনসুর আলীতে শোভন চেয়ারে ৩০০ টাকা ও স্নিগ্ধায় ৫৭০ টাকা এবং উল্লাপাড়ায় শোভন চেয়ারে ৩২০ টাকা ও স্নিগ্ধায় ৬১৬ টাকা ভাড়া ধরা হয়েছে। বড়ালব্রিজে শোভন চেয়ারে ৩৪৫ টাকা ও স্নিগ্ধায় ৬৬২ টাকা, চাটমোহরে শোভন চেয়ারে ৩৬০ টাকা ও স্নিগ্ধায় ৬৮৫ টাকা, ঈশ্বরদীতে শোভন চেয়ারে ৩৯০ টাকা ও স্নিগ্ধায় ৭৪২ টাকা এবং পাবনায় শোভন চেয়ারে ৪২৫ টাকা ও স্নিগ্ধায় ৮১৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে সহজের চার্জ হিসেবে আরও ২০ টাকা যোগ হবে।
প্রথম টিকিট সংগ্রহকারী মো. রাসেল জানান, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই তিনি প্রথম টিকিট কেটেছেন এবং ছোটবেলার ট্রেনে ঢাকা যাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। যাত্রী মোছা. পারভিন খাতুন বলেন, বাসের জ্যাম এড়িয়ে আরামে ঢাকা যাওয়া যাবে এবং দিনটি স্মরণীয় রাখতে তিনি পাবনা থেকে ঈশ্বরদী স্টেশন পর্যন্ত যাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, এই উদ্যোগ যোগাযোগব্যবস্থা ও অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনা বাংলাদেশের যোগাযোগের প্রধান কেন্দ্রে পরিণত হবে এবং ভবিষ্যতে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে।
সড়ক ও রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, দেশের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে এবং পর্যায়ক্রমে রেলসেবার মান ও পরিধি আরও বাড়ানো হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন