অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৩৭ পিএম
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না-ফেরার দেশে চলে গেছেন দেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তুলনার ছোট ভাই আয়াজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন তুলনা। পরবর্তীতে তা মরণঘাতী ক্যানসারে রূপ নেয়। এর আগে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
পরে রাত ১১টা ৫ মিনিটে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর রোডে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করার কথা জানিয়েছে পরিবার।
মডেলিং, অভিনয় এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিনোদন অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার এবং পোশাকের স্টাইলিস্ট হিসেবেও তিনি অঙ্গনে সুনাম কুড়িয়েছিলেন। ব্যক্তিগত জীবনে শারীরিক অসুস্থতা ও কঠিন লড়াই চললেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় প্রাণবন্ত উপস্থিতি এবং ইতিবাচক মানসিকতা দিয়ে ভক্তদের অনুপ্রেরণা জুগিয়েছেন এই শিল্পী।
তার এই অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, দেশের শীর্ষ ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন