অক্টোবর ২৪, ২০২৬, ১০:৪৯ এএম
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণির জন্মদিনের সূচনা হয়েছে একেবারেই ঘরোয়া ও আবেগঘন আবহে। প্রতি বছর জমকালো ও বর্ণাঢ্য আয়োজনে দিনটি পালন করলেও এবার দুই সন্তানকে সঙ্গে নিয়ে বিশেষ এই দিনের প্রথম প্রহর উদ্যাপন করেছেন তিনি।
শনিবার নিজের বিশেষ দিনের সূচনায় ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে পাশে নিয়ে কেক কাটেন এই অভিনেত্রী।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রকাশনার মাধ্যমে ভক্তদের সঙ্গে এই আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেন তিনি। সেখানে লাল রঙের খোলা পোশাকে সন্তানদের সঙ্গে হাসিমুখে কেক কাটতে দেখা যায় তাকে। কেকে মোমবাতি জ্বালিয়ে জন্মদিন উদ্যাপনের সেই মুহূর্তে মায়ের গালে সন্তানদের ভালোবাসা ও চুম্বনের দৃশ্য ভক্তদের নজর কেড়েছে। ব্যক্তিজীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে এই দুই সন্তানকে ঘিরেই আবর্তিত হচ্ছে অভিনেত্রীর ব্যস্ততা।
সামাজিক মাধ্যমে এই বিশেষ মুহূর্ত প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা ভালোবাসায় সিক্ত করছেন তাকে এবং জানাচ্ছেন জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা।
এর আগে ঢাকাই শোবিজের এই তারকা দেশ-বিদেশের বিভিন্ন বিলাসবহুল ভেন্যুতে উৎসবমুখর আয়োজনের মাধ্যমে জন্মদিন পালন করে আলোচনায় এসেছিলেন। তবে এবারের বিশেষ দিনটির শুরু হলো সন্তানদের সান্নিধ্যে এক নিভৃত ও পারিবারিক আবহে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন