অক্টোবর ২৪, ২০২৬, ০৯:৫৯ এএম
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি তিন ডলারের বেশি বেড়ে ১১৬ ডলার ছাড়িয়েছে। ছয় মাসের মধ্যে এটি অপরিশোধিত তেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধির রেকর্ড।
শুক্রবার লেনদেন শেষে জ্বালানি তেলের বাজারে এই উল্লম্ফন লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হুতি বিদ্রোহীদের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।
শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি তিন ডলার ৫৫ সেন্ট বা তিন দশমিক এক চার শতাংশ বেড়ে ১১৬ ডলার ৭২ সেন্টে ঠেকেছে। এটি গত ২৯ এপ্রিলের পর সর্বোচ্চ মূল্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম তিন ডলার ৮০ সেন্ট বা তিন দশমিক আট শতাংশ বেড়ে ১০৩ ডলার ২৭ সেন্টে দাঁড়িয়েছে। পুরো সপ্তাহের হিসেবে ব্রেন্ট ক্রুডের দর বেড়েছে ছয় শতাংশ এবং যুক্তরাষ্ট্রের তেলের দর বেড়েছে দুই দশমিক তিন শতাংশ।
এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান কৌশলবিদ অ্যাডাম টার্নকুইস্ট জানিয়েছেন, সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্য করে ইরান-সমর্থিত হুতিদের হামলার পর থেকে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানির দামে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইন উপকূলে একটি জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। যদিও কোন জাহাজ থেকে এবং কী কারণে তেল ছড়িয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। এর আগে নয় অক্টোবর দেশটির আল জাজিরা অঞ্চলের পশ্চিমে একটি অজ্ঞাত বস্তুর আঘাতে জেম নম্বর দুই নামের একটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে বিশ্বের বিভিন্ন দেশ তাদের জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ার পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে লুইজিয়ানার একটি শোধনাগারে জ্বালানি সংকট কাটাতে কৌশলগত মজুত থেকে চার লাখ ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বিনিময়ের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ। একই পথে হেঁটে নিজেদের কৌশলগত মজুত থেকে ডিজেল, হিটিং অয়েল ও অপরিশোধিত তেল বিক্রির উদ্যোগ নিয়েছে জার্মানি।
তেলের বৈশ্বিক সরবরাহে ধাক্কা লেগেছে লিবিয়ার সংকটেও। দেশটির দুটি তেলক্ষেত্র থেকে জাওইয়া বন্দরে তেল পাঠানোর পাইপলাইনের একটি ভালভ বন্ধ থাকায় উৎপাদন সাময়িকভাবে কমে গেছে। অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনের আগে নিজ দেশের বাজারে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখার অংশ হিসেবে রাশিয়া থেকে ডিজেলবাহী একটি জাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন