অক্টোবর ১৯, ২০২৬, ১০:১৭ এএম
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে পতন দেখা দিয়েছে। রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা থেকে মার্কিন প্রশাসন সরে আসার পর এই নিম্নমুখী প্রবণতা শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে গেছে।
আজ সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় এক শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৮০ মার্কিন ডলারে নেমে আসে।
এর আগে রাশিয়ার ওপর সম্ভাব্য মার্কিন বিধিনিষেধ ঘিরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তীব্র হয়ে ওঠে। সেই পরিস্থিতিতে গত শুক্রবার লেনদেন শেষে অপরিশোধিত তেলের দাম গত ১৯ মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
কিন্তু পরিস্থিতি বদলে যায় শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সিদ্ধান্তে। একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে তিনি রাশিয়াসংশ্লিষ্ট কয়েকটি নতুন নিষেধাজ্ঞা কার্যকরের পদক্ষেপ স্থগিত করেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন। ফলে রাশিয়ার রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ এবং দেশটির জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানির ক্ষেত্রে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা স্থগিত হয়ে যায়।
রাশিয়ার জ্বালানি খাতের ওপর কঠোর পদক্ষেপ এলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে বলে ধারণা করছিলেন বাজার বিশ্লেষকরা। সেই আশঙ্কায় কয়েক দিন ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগাতার বাড়ছিল।
তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের পর সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। তারই প্রভাবে তেলের আন্তর্জাতিক বাজারে দরপতন ঘটেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন