সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

পদত্যাগের খবরকে গুজব বলে কান না দিতে অনুরোধ প্রতিমন্ত্রী ইশরাকের

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ১১:৪৯ পিএম

পদত্যাগের খবরকে গুজব বলে কান না দিতে অনুরোধ প্রতিমন্ত্রী ইশরাকের

মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘গুজব’ বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে এ ধরনের কোনো খবরে কাউকে কান না দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাতে এ বিষয়ে সরাসরি নিজের অবস্থান স্পষ্ট করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, সবাইকে অনুরোধ জানাচ্ছি এই বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এ ধরনের কোনো সিদ্ধান্ত যদি দল থেকে নেওয়া হয়, তবে সেটি কোনো উড়ো খবরের মাধ্যমে প্রকাশ্যে আসবে না।

ইশরাক হোসেন আরও যোগ করেন, এমন কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানিয়ে করা হবে, যেখানে গণমাধ্যমকর্মীরা সরাসরি উপস্থিত থাকবেন। যারা এই তথ্য ছড়াচ্ছে, তারা উড়ো কথাকেই সংবাদ হিসেবে প্রচার করছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন এই প্রতিমন্ত্রী। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে পাঠান।

সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে তখন প্রচার হয়, প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের মৌখিক নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কোনো পর্যায় থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা লিখিত বক্তব্য দেওয়া হয়নি।