রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ: আহত দুই, আটক ২

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৯:৪৬ পিএম

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ: আহত দুই, আটক ২

ছবি : সংগ্রহীত

কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন। পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে রোববার সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর।

ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার সন্দেহে দুজনকে ধরে পুলিশে দিয়েছেন বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র‍্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার সময় সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ ছিল এবং ককটেলটি ওই দিক থেকে আসতে পারে বা কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তারা কিছুই বুঝতে পারেননি।

কবি নজরুল সরকারি কলেজের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোমান বলেন, বিস্ফোরণের সময় তিনি পাশে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন মূল ফটকের সামনে এসে দাঁড়ালে একটি ককটেল বিস্ফোরিত হয়; প্রথমে গাড়ির চাকা ফেটে যাওয়ার শব্দ ভেবেছিলেন তারা।

নোমানের ভাষ্য, দ্বিতীয় ককটেল বিস্ফোরণের পর বিষয়টি পরিষ্কার হয় এবং তখন কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারীর আহত হওয়ার খবর পাওয়া যায়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, তারা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারেননি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।