রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধারের পর ধ্বংস করল সেনাবাহিনীর দল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৯:০৪ পিএম

টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধারের পর ধ্বংস করল সেনাবাহিনীর দল

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধারের পর আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস করেছে।

রোববার সন্ধ্যায় এসআরবি-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

এসআরবি-১৫ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচার উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর সি ব্লকের সি১২ উপব্লকসংলগ্ন নেচার পার্কের লাল ফটকের সামনে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছেন বলে জানা যায়।

গত ২০ নভেম্বর রাতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)–এর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের টের পেয়ে রুবেল ও অজ্ঞাতনামা তিন থেকে চারজন ব্যক্তি ইজিবাইকের পেছনের যাত্রী বসার জায়গায় একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তা ও ইজিবাইক থেকে আলামত উদ্ধার করা হয়।

উদ্ধার করা আলামতের মধ্যে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের গুলি, একটি খালি ম্যাগাজিন ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক ছিল।

গ্রেনেডগুলোর মডেল ও লট নম্বর স্পষ্ট ছিল না।

মেশিনগানের গুলির মধ্যে একটি পাত্রে ৫০টি এবং অন্যটিতে ২৬টি গুলি পাওয়া যায়। উদ্ধার করা গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ধ্বংসের জন্য আদালতে আবেদন করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেনানিবাসের জেনারেল স্টাফ (জিএস) শাখাকে গ্রেনেডগুলো ধ্বংস বা নিষ্ক্রিয় করার নির্দেশনা ও ক্ষমতাপত্র দেন। এর পরিপ্রেক্ষিতে ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখার বোমা নিষ্ক্রিয়করণ দল টেকনাফের শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় পলাতক ব্যক্তিদের আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

তথ্যসূত্র: দিনাজপুর টিভি ডট কম ডেস্ক সংগৃহীত প্রতিবেদন