রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

বাড়িভাড়া না বাড়াতে মালিকদের কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জাতীয় ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৮:১৬ পিএম

বাড়িভাড়া না বাড়াতে মালিকদের কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ার পরিপ্রেক্ষিতে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্দেশনা অমান্য করে কেউ বাড়িভাড়া বাড়ালে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সাভার পৌরসভার মতবিনিময় সভায় তিনি জানিয়েছেন।

রবিবার বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস শ্রমিক ও নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সাধারণত পাঁচ বছর পরপর মজুরি কাঠামো নির্ধারণের নিয়ম থাকলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে বেতন বাড়ানোর বিষয়ে সমঝোতার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন। এমন বাস্তবতায় বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি, যাতে শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নিয়ে কেউ বাড়িভাড়া বৃদ্ধি না করেন।

শ্রমিক অধ্যুষিত যেকোনো এলাকায় বাড়ির মালিকরা ভাড়া বাড়ালে শ্রমিকদের প্রশাসনকে বিষয়টি জানানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সরকার প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং পোশাকশ্রমিক অধ্যুষিত সব এলাকার জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে বলে তিনি স্পষ্ট করেন।

শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আন্তরিক বলে মন্তব্য করলেও আন্দোলনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মীর শাহে আলম। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।