নভেম্বর ২২, ২০২৬, ০৬:২১ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫১৯ জন রোগী ভর্তি হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জনে।
এর মধ্যে নভেম্বরের প্রথম ২১ দিনেই মারা গেছেন ১০০ জন। মাসভিত্তিক হিসাব বলছে, অক্টোবরে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন প্রাণ হারান। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগীর মৃত্যু হয় ডেঙ্গুতে।
শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫১৯ জনকে নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে পৌঁছেছে। এ বছর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন।
বিভাগীয় পর্যায়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, সংখ্যাটি ৭৫৫ জন। অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ১৭৪ জন, বরিশালে ১৬৭ জন এবং চট্টগ্রামে ১৫০ জন ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন