রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

ডিম খাওয়ার নিয়ম ও পাঁচটি ভুল অভ্যাস, যা বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্য ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ১২:৪০ পিএম

ডিম খাওয়ার নিয়ম ও পাঁচটি ভুল অভ্যাস, যা বাড়াতে পারে স্বাস্থ্যঝুঁকি

 ডিম খাওয়ার ক্ষেত্রে দৈনন্দিন পাঁচটি ভুল অভ্যাস উপকারের বদলে শরীরে কোলেস্টেরল বৃদ্ধি ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন তাইওয়ানের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পুষ্টিগুণে সমৃদ্ধ এই খাবার থেকে শরীর কতটা উপকার পাবে তা নির্ভর করে প্রতিদিন কয়টি ডিম খাওয়া হচ্ছে এবং কীভাবে রান্না করা হচ্ছে তার ওপর।

প্রয়োজনের তুলনায় বেশি ডিম খাওয়া প্রথম বড় ভুল।

তাইওয়ানের একটি ক্লিনিকের পরিচালক চিকিৎসক চিউ চেং-হাং জানান, কোলেস্টেরল বিপাকের প্রক্রিয়া ব্যক্তিভেদে ভিন্ন হওয়ায় সবার জন্য প্রতিদিন নির্দিষ্টসংখ্যক ডিম খাওয়ার একক নিয়ম বেঁধে দেওয়া সম্ভব নয়। তার গবেষণায় দেখা গেছে, টানা ৩০ দিন প্রতিদিন তিনটি করে ডিম খেলে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়া ২০২০ সালে প্রকাশিত ১৭টি বৈজ্ঞানিক গবেষণার একটি পর্যালোচনায় প্রতিদিন তিনটি ডিম খাওয়ার সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকির সম্ভাব্য সম্পর্ক পরীক্ষা করা হয়েছে।

যাদের রক্তে এলডিএলের মাত্রা প্রতি ডেসিলিটারে ১৩০ মিলিগ্রাম বা তার বেশি, তাদের প্রতিদিন দুটি ডিমের বেশি না খাওয়াই ভালো। অন্যদিকে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক থাকলে ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় দিনে তিন থেকে চারটি ডিম খাওয়া যেতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। তবে শুধু সরাসরি খাওয়া ডিম নয়, কেক, পুডিং বা ডিমের রোলের মতো খাবারে ব্যবহৃত ডিমের পরিমাণও দৈনিক হিসাবের মধ্যে ধরতে হবে।

সাদা ডিমের তুলনায় বাদামি ডিম বেশি পুষ্টিকর ও প্রাকৃতিক বলে প্রচলিত ধারণাটি দ্বিতীয় ভুল।

চিকিৎসক চিউ জানান, ডিমের খোসার রং মূলত মুরগির জাত ও খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে এবং খোসার রং দিয়ে পুষ্টিগুণ নির্ধারণ করা যায় না। কোনো কোনো বাজারে বাদামি ডিমের দাম বেশি হলেও এতে সাদা ডিমের চেয়ে বেশি পুষ্টি থাকে না।

তৃতীয় ভুল হলো কাঁচা ডিম খাওয়া। অনেকেই মনে করেন কাঁচা ডিমে পুষ্টি বেশি থাকে, কিন্তু গবেষণার তথ্য অনুযায়ী পুরোপুরি রান্না করা ডিমের ৯০ শতাংশের বেশি প্রোটিন শরীর শোষণ করতে পারে, যেখানে কাঁচা ডিমের ক্ষেত্রে এই শোষণের হার প্রায় ৫০ শতাংশ। কাঁচা ও আধাসেদ্ধ ডিমে সালমোনেলা নামের ব্যাকটেরিয়া থাকতে পারে যা খাদ্যে বিষক্রিয়া ঘটায়। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন মানুষের ক্ষেত্রে এই সংক্রমণ গুরুতর আকার নিতে পারে।

ডিম পুরোপুরি সেদ্ধ না করে কুসুম নরম বা তরল রেখে খাওয়া চতুর্থ ভুল অভ্যাস।

পুরোপুরি রান্না না হলে ডিমের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে, ভালোভাবে সেদ্ধ বা রান্না করে খেলে সালমোনেলা সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব, তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কাঁচা কিংবা আধাসেদ্ধ ডিম এড়িয়ে চলা জরুরি।

পঞ্চম ভুলটি হলো স্বাদ বাড়াতে গিয়ে ডিম রান্নার নিরাপদ পদ্ধতি উপেক্ষা করা।

চিকিৎসক চিউয়ের মতে, ডিম পুরোপুরি সেদ্ধ করে খাওয়াই তুলনামূলক নিরাপদ। যাদের কাছে পুরোপুরি সেদ্ধ ডিম স্বাদহীন মনে হয়, তারা স্বাদ বাড়াতে সামান্য সয়া সস কিংবা প্রাকৃতিক মসলা যোগ করে খেতে পারেন।