নভেম্বর ২১, ২০২৬, ০৮:৪৬ পিএম
পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস সব নারীর শরীরে একইভাবে প্রভাব ফেলে না বলে সবার জন্য একই সাপ্লিমেন্ট কার্যকর হয় না, তাই যেকোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে শরীরের লক্ষণ ও চাহিদা বোঝা জরুরি বলে জানিয়েছেন পুষ্টিবিদ অঞ্জলি মুখার্জি।
অনিয়মিত পিরিয়ড, ওজন বৃদ্ধি, ব্রণ ও চুল পড়ার মতো হরমোনজনিত সমস্যায় ভোগা নারীদের ক্ষেত্রে সঠিক পুষ্টি ও সাপ্লিমেন্ট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় অঞ্জলি মুখার্জি জানান, পিসিওএসে আক্রান্ত নারীদের সব ধরনের সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন নেই। বরং শারীরিক লক্ষণ, খাদ্যাভ্যাস, দৈনন্দিন রুটিন ও রক্ত পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে উপযুক্ত সাপ্লিমেন্ট বেছে নিতে হবে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়।
পুষ্টিবিদের মতে, ইনোসিটল ইনসুলিন নিয়ন্ত্রণ, নিয়মিত পিরিয়ড ও ডিম্বস্ফুটনের মতো ভিন্ন ভিন্ন লক্ষণে কাজ করে। ম্যাগনেশিয়াম ঘুম ভালো করতে এবং মানসিক চাপ, প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বা পিএমএসের লক্ষণ ও কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে, আর শরীরের প্রদাহ ও রক্তের চর্বি নিয়ন্ত্রণে ওমেগা-৩ কার্যকর।
যাদের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে, তাদের মেজাজ, প্রজননক্ষমতা ও ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে ভিটামিন ডি উপকারী হলেও এর মাত্রা রক্ত পরীক্ষার ফলের ওপর নির্ভর করে। পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্স, ডিম্বস্ফুটন ও কোষের ক্ষতি রোধে এনএসি (NAC) এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে বারবেরিন সহায়তা করে; আর ব্রণ, চুল পড়া, ত্বকের ক্ষত নিরাময় ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে জিংক উপযোগী।
অঞ্জলি মুখার্জি বলেন, কেবল সাপ্লিমেন্ট দিয়ে পিসিওএস নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর পাশাপাশি স্বাস্থ্যকর খাবার, শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ জরুরি। এর আগে তিনি ব্যাখ্যা করেছিলেন যে পিসিওএসের কারণে হরমোনের পরিবর্তন ঘটে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, যা ওজন কমানো কঠিন করে তোলে।
ওজন নিয়ন্ত্রণে রক্তের শর্করা স্থিতিশীল রাখে এমন খাবার, পর্যাপ্ত প্রোটিন ও আঁশযুক্ত তাজা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি, পাশাপাশি উচ্চ অ্যান্ড্রোজেন মাত্রা নিয়ন্ত্রণে মায়ো-ইনোসিটল ও ডি-কাইরো-ইনোসিটল সাপ্লিমেন্টের কথা উল্লেখ করেন এবং প্যাকেটজাত নাশতা, কোমল পানীয় ও কেক এড়িয়ে ধীরে ও পরিমিত খাবার খেতে বলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন