শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজ রাবি শিক্ষার্থী উদ্ধার, হাসপাতালে ভর্তি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৮:৩৪ পিএম

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজ রাবি শিক্ষার্থী উদ্ধার, হাসপাতালে ভর্তি

নিখোঁজের দুই দিন পর নাটোরের বড়াইগ্রামের একটি ধানক্ষেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে নেওয়া হয়। মো. হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে এবং ক্যাম্পাসের পাশে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার একটি মেসে থাকতেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বনপাড়ার হাসপাতালে যান।

চিকিৎসকদের কাছ থেকে হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে হৃদয় নিখোঁজ ছিলেন। পরদিন শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং তদন্তে তার মোবাইলের সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করেছিল পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের ধানক্ষেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারের পর থানা পুলিশে খবর দেওয়া হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না, ফলে কীভাবে তিনি সেখানে গেলেন তা জানা যায়নি। মতিহার থানা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে এবং তিনি সুস্থ হলে বিস্তারিত জেনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।