নভেম্বর ২১, ২০২৬, ০৭:৪৬ পিএম
সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শনিবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কোনো ছাড় দেওয়া হবে না।
তার ভাষায়, কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়েই অবস্থান নেবে বিএনপি। দেশের মাটিতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীরা কখনো আশ্রয়-প্রশ্রয় পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রসঙ্গ টেনে মীর সরফত আলী সপু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের ফলেই আজ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। সেই প্রেক্ষাপটে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কেউ পার পাবে না বলে উল্লেখ করেন।
শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে জনগণকে পাশে নিয়ে সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
কোলাপাড়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন মো. রাজিব খান ও মো. সোহেল হামিদ। সমাবেশে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন