শনিবার, ২১ নভেম্বর, ২০২৬,

কৃষিপণ্য রপ্তানি সম্ভাবনা থাকলেও বাধা স্থলবন্দর ও পরিবহনে, বললেন বক্তারা

কৃষি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৭:৫৭ পিএম

কৃষিপণ্য রপ্তানি সম্ভাবনা থাকলেও বাধা স্থলবন্দর ও পরিবহনে, বললেন বক্তারা

বাংলাদেশের কৃষি-প্রক্রিয়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্য রপ্তানি সম্প্রসারণের ব্যাপক সুযোগ থাকলেও স্থলবন্দরের জটিলতা, অশুল্ক বাধা, অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থা ও উত্তম কৃষি অনুশীলনের ঘাটতির মতো নানা চ্যালেঞ্জে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে শনিবার আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

চ্যালেঞ্জ মোকাবিলা এবং রপ্তানি সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে কৃষি-প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ। কর্মশালার প্রতিপাদ্য ছিল বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃষি-প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণ: সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং গণমাধ্যমের ভূমিকা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে কৃষি-প্রক্রিয়াজাত শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ খাতের অর্জন, চ্যালেঞ্জ ও রপ্তানি সম্ভাবনা নিয়ে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন শিল্পের আরও উন্নয়নে অবদান রাখতে পারে বলে মনে করেন তিনি। তাঁর মতে, এ ধরনের কর্মশালা সাংবাদিকদের শিল্পসংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান ও বোঝাপড়া বাড়াতে সহায়তা করবে।

মূল প্রবন্ধে নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। প্রতিটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে চুক্তির মাধ্যমে তা কাজে লাগানো প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, বাংলাদেশের রপ্তানি খাত এখনো তৈরি পোশাকশিল্পের ওপর অনেক বেশি নির্ভরশীল। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ নিয়ে আলোচনার পাশাপাশি তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কৃষি-প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ ভিয়েতনাম ও থাইল্যান্ডের তুলনায় পিছিয়ে রয়েছে বলে জানান প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রপ্তানির উল্লেখযোগ্য সুযোগ থাকলেও স্থলবন্দরের জটিলতা ও অশুল্ক বাধা প্রবৃদ্ধিতে প্রতিবন্ধকতা তৈরি করছে।

অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্র ও আফ্রিকার বাজারে প্রবেশও সীমিত রয়েছে। অন্যদিকে, উত্তম কৃষি অনুশীলনের ঘাটতি ইউরোপের বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমাচ্ছে, তাই এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের বাণিজ্যিক কূটনীতিতে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানান কামরুজ্জামান কামাল।

জনমত গঠন ও নীতিনির্ধারণে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি কৃষি খাতের সাফল্য, কৃষকের অবদান, উদ্ভাবন এবং রপ্তানির সম্ভাবনা নিয়ে ধারাবাহিক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।