নভেম্বর ১৬, ২০২৬, ০৫:১৮ পিএম
আগাম আলু উত্তোলন ও নতুন আলুর আঁতুর ঘর হিসেবে পরিচিত নীলফামারীর কিশোরগঞ্জে আগাম জাতের নতুন আলু তোলা শুরু হয়েছে। বাজারে নতুন আলুর ভালো চাহিদা থাকায় কৃষকরাও আশানুরূপ দাম পাচ্ছেন। মাঠ থেকেই পাইকাররা প্রতি কেজি নতুন আলু ৬৮ টাকা দরে কিনে নিচ্ছেন। কৃষি বিভাগের আশা, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের বাজারে পুরোদমে নতুন আলু উঠতে শুরু করবে।
ফলন ও উপযুক্ত দাম পেলে বিগত মৌসুমের লোকসান পুষিয়ে কৃষকরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। এর আগে বড় অংকের লোকসান গুনেও কৃষকরা গতবারের চেয়ে এবার আরও বেশি জমিতে আগাম আলু চাষ করেছেন।
সোমবার দুপুরে উপজেলার কেশবা গ্রামের কৃষক তুহিনের ক্ষেতে গিয়ে দেখা যায়, তিনি কারেজ ও সেভেন জাতের আগাম আলু উত্তোলন করছেন। ওই কৃষক ১০০ শতাংশ জমিতে মাত্র ৫৫ দিনে আলু ফলিয়ে কেজিপ্রতি ৬৮ টাকা দরে বিক্রি করছেন। পাইকাররা সরাসরি ক্ষেত থেকেই আলু সংগ্রহ করছেন। ওই এক শতক জমির আলু বিক্রি করে ১০ হাজার টাকা আয়ের আশা করছেন কৃষক তুহিন।
কৃষক তুহিন জানান, দেশের মধ্যে কিশোরগঞ্জ উপজেলাতেই সবার আগে আলু তোলা হয়। এখানকার কৃষকরা অতীতে লোকসান গুনলেও পরের বছর আরও উদ্যম নিয়ে আলু চাষাবাদে নেমে পড়েন। প্রতিবারই আগাম জাতের আলু চাষ করে ভালো দাম পাওয়ার নজির রয়েছে। এ বছর আলুর পাশাপাশি সাথী ফসল হিসেবে কলা ও কুমড়া চাষ করায় বাড়তি লাভের আশা করছেন তিনি। এর আগে রোববার তিনি ২০ শতাংশ জমিতে আগাম কারেজ জাতের আলু উত্তোলন করে ৩২০ কেজি আলু পান। ৬২ টাকা দরে তা বিক্রি করে প্রায় ২০ হাজার টাকা পান, যেখানে উৎপাদন খরচ হয়েছিল ১৯ হাজার টাকা। খরচ বাদ দিয়ে নগদ লাভ এক হাজার টাকা হলেও, সাথী ফসল কলা ও কুমড়া থেকে আসা পুরো আয়ই লাভ হিসেবে যুক্ত হবে। ফলে তাঁর মুখে আগাম আলু চাষে হাসির ঝিলিক দেখা গেছে।
সরেজমিনে উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে আগাম আলুর সবুজ সমারোহ দেখা গেছে। আলু রোপণের প্রথম দিকে হালকা বৃষ্টিতে ক্ষেত কিছুটা ভিজলেও বড় ধরনের কোনো মড়ক দেখা দেয়নি। সার্বিকভাবে আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর ফলন ভালো হয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই উৎপাদিত ফসল বাজারজাত করা গেলে ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৬৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কেবল আগাম আলুর আবাদ হয়েছে ৪ হাজার ৪০০ হেক্টর জমিতে। মৌসুমের শুরুতে বাজারে নতুন আলুর ব্যাপক চাহিদা থাকায় কিশোরগঞ্জের কৃষকরা ভালো দাম পেয়ে সবসময়ই লাভবান হন।
উপজেলা কৃষি অফিসার লোকমান আলম জানান, বাজারে নতুন আলুর প্রচুর চাহিদা রয়েছে এবং দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসাও শুরু করেছেন। আগাম আলুর বাম্পার ফলন ও চড়া দামে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি সাথী ফসল হিসেবে চাষ করা কলা ও কুমড়া থেকেও কৃষকরা বাড়তি লাভ ঘরে তুলবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন