নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৫৫ পিএম
আগামী ১৭ নভেম্বর দিবাগত রাতে রাতের আকাশে দেখা মিলতে পারে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্যের। চলতি মাসে লিওনিড উল্কাবৃষ্টির সাক্ষী হওয়ার সুযোগ পাচ্ছেন আকাশপ্রেমীরা। আবহাওয়া অনুকূলে থাকলে কোনো ধরনের যন্ত্র ছাড়াই খালি চোখে আকাশজুড়ে ছুটে চলা আলোর রেখা দেখা যাবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর দিবাগত রাতে লিওনিড উল্কাবৃষ্টির সবচেয়ে ভালো দৃশ্য দেখার সম্ভাবনা রয়েছে। ওই সময় প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫টি উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলন্ত আলোর রেখা তৈরি করতে পারে, যা সাধারণ মানুষের কাছে তারাখসা হিসেবে পরিচিত।
নাসার তথ্যমতে, গত ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই উল্কাবৃষ্টির কার্যক্রম চলতে পারে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। তবে ১৭ নভেম্বর মধ্যরাত থেকে ১৮ নভেম্বর ভোর পর্যন্ত সময়টিকে পর্যবেক্ষণের জন্য সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করা হচ্ছে। এ সময় মধ্যরাতের দিকে চাঁদ অস্ত যাওয়ায় আকাশ তুলনামূলক অন্ধকার থাকবে, ফলে উল্কাগুলো দেখার সম্ভাবনাও বহুগুণ বাড়বে।
লিওনিড উল্কাবৃষ্টির পেছনে রয়েছে টেম্পল-টুটল নামের একটি ধূমকেতু। সূর্যকে প্রদক্ষিণ করার সময় ধূমকেতুটি মহাকাশে ধুলাবালি ও ক্ষুদ্র কণার একটি পথ রেখে যায়। পৃথিবী প্রতিবছর নভেম্বর মাসে সেই ধূলিকণার অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় কণাগুলো বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে এবং তখনই রাতের আকাশে উল্কাবৃষ্টির দৃশ্য তৈরি হয়।
এই মহাজাগতিক দৃশ্য দেখতে কোনো টেলিস্কোপ কিংবা বাইনোকুলারের প্রয়োজন নেই। তবে শহরের কৃত্রিম আলো থেকে দূরে কোনো খোলা জায়গায় অবস্থান করাই সবচেয়ে ভালো। আকাশ পরিষ্কার থাকলে এবং চোখ অন্ধকারের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেলে উল্কাগুলো তুলনামূলক স্পষ্ট দেখা যেতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন