সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

ইউরোপের নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগে ১১০ কোটি ডলার তুলল প্লুরাল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০২:৩৫ পিএম

ইউরোপের নতুন প্রযুক্তি খাতে বিনিয়োগে ১১০ কোটি ডলার তুলল প্লুরাল

প্লুরালের অংশীদাররা।

ইউরোপের প্রযুক্তি খাতে বড় বিনিয়োগ আনতে ১০০ কোটি ইউরো বা প্রায় ১১০ কোটি ডলার সংগ্রহ করেছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম প্লুরাল। সংগৃহীত এই নতুন তহবিলের প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৬ শতাংশ বরাদ্দ করা হয়েছে তাদের তৃতীয় প্রারম্ভিক পর্যায়ের তহবিলের জন্য। বাকি এক-তৃতীয়াংশ বা ৩৪ শতাংশ রাখা হয়েছে একটি সুযোগভিত্তিক তহবিলে, যা মূলত নির্বাচিত স্টার্টআপগুলোতে অনুবর্তী বিনিয়োগের কাজে ব্যবহার করা হবে।

প্রারম্ভিক পর্যায়ের তহবিলে জোর দেওয়ার কথা বললেও প্রকল্পের প্রয়োজনে বিনিয়োগের পরিমাণ নমনীয় রাখা হবে বলে জানিয়েছেন প্লুরালের অংশীদার কারিনা নামিহ ও খালেদ হেলিউই। তাদের মতে, উচ্চাভিলাষী বা মুনশট প্রজেক্টগুলো চালু করতে অনেক সময় কয়েক শ মিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে। এই তহবিলের মাধ্যমে জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো, প্রতিরক্ষা এবং স্বাস্থ্য খাতের মতো মূলধননির্ভর ও সম্ভাবনাময় ক্ষেত্রগুলোকে প্রাধান্য দেওয়া হবে।

এর আগে প্রক্সিমা ফিউশন এবং দ্য এক্সপ্লোরেশন কোম্পানির মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে এই ভেঞ্চার ফার্ম। বর্তমান পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইউরোপের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়টি বিনিয়োগকারীদের কৌশলগত চিন্তাধারায় নতুন গতি এনেছে। বিশেষ করে এস্টোনিয়ার রাজধানী তালিনের অফিস থেকে প্রতিরক্ষা প্রযুক্তির স্টার্টআপ হাইপারসোনিশাকার মতো প্রতিষ্ঠানে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্লুরালের ছয়জন অংশীদারের মধ্যে এস্টোনিয়ার দুই বিশিষ্ট ব্যক্তিত্ব ওয়াইসের সহপ্রতিষ্ঠাতা তাাভেত হিনরিকুস এবং টেলিপোর্টের স্টেন তামকিভি রয়েছেন। লন্ডন ও প্যারিসে অফিস থাকার পাশাপাশি গত বছরের অক্টোবর মাস থেকে পূর্ণকালীন অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন উবারের সাবেক নির্বাহী পিয়েরে-দিমিত্রি গোর-কোটি। প্রতিটি অংশীদার প্রতিবছর সীমিতসংখ্যক নতুন বিনিয়োগের নেতৃত্ব দেবেন এবং পোর্টফোলিওভুক্ত কোম্পানিগুলোকে নিয়োগ থেকে শুরু করে আর্থিক ব্যবস্থাপনায় সহায়তা দেবেন।