সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

স্বাস্থ্য বিষয়ক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নতুন অ্যাপ আনল অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ০৭:৩২ এএম

স্বাস্থ্য বিষয়ক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নতুন অ্যাপ আনল অ্যাপল

অ্যাপলের নতুন স্বাস্থ্য বিষয়ক এআই গবেষণা অ্যাপ।

দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নতুন গবেষণা অ্যাপ চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ওপেনএভিডেন্সের সঙ্গে অংশীদারিত্বে এই বিশেষ অ্যাপটি বাজারে আনা হয়েছে। ব্যবহারকারীরা এআই প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের কতটুকু নির্ভরযোগ্য এবং ক্লিনিক্যাল তথ্যভিত্তিক উত্তর পাচ্ছেন, তা যাচাই করাই এই গবেষণার মূল উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। আইফোন ১৫ বা এর পরবর্তী মডেল এবং আইওএস ২৬ সংস্করণের ডিভাইস ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারবেন। অ্যাপল জানিয়েছে, এই গবেষণায় দুই লাখ পর্যন্ত অংশগ্রহণকারীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং কার্যক্রমটি এক বছরের বেশি সময় ধরে চলবে।

নতুন এই অ্যাপে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির মতো স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এবং নেচারসহ বিভিন্ন আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকীর ক্লিনিক্যাল ডাটার ওপর ভিত্তি করে উত্তরগুলো তৈরি করা হবে। চিকিৎসকদের কাছে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া এবং জটিল চিকিৎসাবিদ্যা সহজ ভাষায় বুঝতে এটি সাহায্য করবে।

অংশগ্রহণকারীরা হেলথকিট থেকে হৃদস্পন্দন, শারীরিক কার্যক্রম এবং ঘুমের তথ্য যুক্ত করে আরও ব্যক্তিগত পরামর্শ নিতে পারবেন। অ্যাপলের হেলথ অ্যান্ড ফিটনেসের ভাইস প্রেসিডেন্ট ডা. সাম্বুল দেশাই বলেন, স্বাস্থ্য অত্যন্ত ব্যক্তিগত বিষয় এবং এআই ব্যবহারের প্রভাব বুঝতে নিবেদিত গবেষণা অত্যন্ত জরুরি।

ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গবেষণায় সংগৃহীত তথ্যগুলো সুরক্ষিত ক্লাউড প্রোভাইডারে পাঠানোর আগে বেনামী করা হবে এবং এগুলো কোনো এআই মডেল প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে না। ওপেনএভিডেন্স চ্যাট ও রেসপন্স ডেটা ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলবে।