নভেম্বর ১৬, ২০২৬, ০৮:৫১ এএম
আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ঢাকা আলিয়া ছাত্রদল। শনিবার রাত আড়াইটায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মাদ্রাসা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে আল্লামা কাশগড়ী হলের সামনে এসে শেষ হয়। মিছিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মমিন এবং তরুণ নেতা মো. মুজাহিদুল ইসলাম ও মো. আব্দুল আলিম।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করতে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারত্ব ও ভয়ভীতির রাজনীতির কোনো স্থান থাকতে পারে না বলেও মন্তব্য করেন তাঁরা।
আসন্ন ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরোধিতা করে বক্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে দেশের স্বাভাবিক জনজীবন ব্যাহত ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
জনগণের জানমাল ও শিক্ষার পরিবেশ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন