রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

শিবির ইস্যুতে রাবি প্রভোস্টের সঙ্গে ছাত্রদলের বাগ্‌বিতণ্ডা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৫৭ পিএম

শিবির ইস্যুতে রাবি প্রভোস্টের সঙ্গে ছাত্রদলের বাগ্‌বিতণ্ডা

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহীর মতিহার হলের নবনির্মিত সাইকেল গ্যারেজ উদ্বোধন অনুষ্ঠানে শিবির নেতাদের বাড়তি গুরুত্ব দেওয়ার অভিযোগে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম সরকারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার সকাল ১০টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ে শিবিরকে নিয়ে কোনো কর্মসূচি না করার জন্য প্রভোস্টের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্রদল কর্মীরা।

মতিহার হল শাখা ছাত্রদলের সভাপতি হাসিম রানা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নিশাতের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বাগবিতণ্ডার সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী জাহিদ হাসান, আল আমিন রিজভী, সুলগ্ন রায় শুভ, খন্দকার মেহেদী, আবদুল্লাহ আল মোস্তাফিজ ও জালাল ফারাজী। তাদের অভিযোগ, সাইকেল গ্যারেজ নির্মাণ ও গ্রিল স্থাপনের দাবি ছাত্রদল তুললেও উদ্বোধনে তাদের অবমূল্যায়ন করা হয়েছে।

ছাত্রদল নেতাদের দাবি, উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র ১০ থেকে ১৫ মিনিট আগে তাদের জানানো হলেও শিবির নেতাদের অনেক আগেই খবর দেওয়া হয়েছিল। প্রভোস্ট নির্দিষ্ট একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করছেন বলে অভিযোগ করেন তারা। গ্যারেজ নির্মাণে হল সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

অভিযোগের জবাবে হল প্রভোস্ট অধ্যাপক ড. সামিউল ইসলাম জানান, তিনি কাউকে আলাদাভাবে আমন্ত্রণ জানাননি। গত বৃহস্পতিবার নোটিশের মাধ্যমে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছিল। সকাল সাড়ে সাড়ে নয়টায় নির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে হলের কর্মকর্তারা শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের রিমাইন্ডার দিয়েছিলেন।

হলের সাবেক ভিপি ও সাবেক শিবির সভাপতি তাজুল ইসলাম জানান, তিনি কোনো দলীয় পরিচয়ে নয়, বরং সাবেক ভিপি হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। গ্যারেজের কাজ দীর্ঘদিন আগে শেষ হলেও হল প্রশাসনের উদাসীনতার কারণে তা যথাসময়ে উদ্বোধন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি।