রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

পুনরায় হাসিনার বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৪১ পিএম

পুনরায় হাসিনার বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একবার বিচার হয়ে যাওয়ার পর একই বিষয়ে পুনরায় বিচারের কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের প্রচলিত আইনে আপিলের বিধান থাকলেও পুনর্বিচারের কোনো অবকাশ নেই এবং ভারত সরকারের এসংক্রান্ত পরামর্শের কোনো যৌক্তিকতা নেই।

শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারত সরকারের পরামর্শ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, একটি দেশে বিচার হয়ে যাওয়ার পর পুনরায় বিচার করাকে ‍‍`ডি নোভো ট্রায়াল‍‍` বলা হয়। বাংলাদেশ ও ভারতে এই বিধান অনেক আগেই বাতিল করা হয়েছে এবং পাকিস্তানেও বর্তমানে এ ধরনের চর্চা নেই। যে দেশ নিজেরা এটি চর্চা করে না, তারা অন্য দেশকে পুনর্বিচারের পরামর্শ দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আমিনুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা দণ্ডপ্রাপ্তির আগ থেকেই পলাতক রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও তিনি বিচার এড়িয়ে গেছেন। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় প্রকাশিত হওয়ার ৩০ দিন পর আপিলের সুযোগ থাকে না। ফলে তাঁর বর্তমানে দণ্ড কার্যকর হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই এবং তাঁকে পাসপোর্ট দেওয়ারও কোনো সুযোগ নেই।

এদিকে চট্টগ্রামের ওয়াসিমসহ ছয়জনকে হত্যার মামলায় আসামিপক্ষ বিভিন্ন অজুহাতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, অভিযোগ গঠনের পরও বিভিন্ন আবেদন দেখিয়ে চার মাস ধরে সাক্ষ্যগ্রহণ আটকে রাখা হয়েছে এবং আসামিপক্ষকে প্রয়োজনীয় সব নথি ও সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে জিয়াউল হাসানের বিষয়ে নতুন একটি ভিডিও সাক্ষ্য আদালতে দাখিলের কথা জানিয়ে তিনি বলেন, ওই ভিডিওতে ৩৪ জন বিডিআর সদস্যকে তুলে নিয়ে হত্যার অভিযোগের বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে। মানবতাবিরোধী অপরাধ, গুম ও হত্যাকাণ্ড রোধে চলতি সপ্তাহেই যশোর থেকে গণশুনানি শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।