রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

যে হাটে প্রতিদিন বিক্রি হয় ৫০ লাখ টাকার কলা

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০২:৫৭ পিএম

যে হাটে প্রতিদিন বিক্রি হয় ৫০ লাখ টাকার কলা

জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহে কলার হাট।

ভোরের আলো ফোটার আগেই জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাটে শুরু হয় বেচাকেনার কর্মযজ্ঞ। হলুদ-সবুজ কলার সারি, ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর পণ্য পরিবহনে মুখর থাকা এই হাটে প্রতিদিন প্রায় ৫০ লাখ টাকার কলা লেনদেন হয়। প্রায় পৌনে দুই বিঘা জায়গার ওপরে গড়ে ওঠা এই হাটটিতে চার থেকে সাড়ে চার দশক ধরে নিয়মিত কলার ব্যবসা চলছে।

জয়পুরহাটের স্থানীয় কৃষকদের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা থেকেও চাষিরা উৎপাদিত কলা নিয়ে আসেন এই বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারেরা এসব কলা কিনে ট্রাক ও পিকআপে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজারসহ দূরদূরান্তের জেলাগুলোতে প্রতিদিন অন্তত ৪০ থেকে ৫০টি ট্রাকে করে এখান থেকে কলা পাঠানো হয়। এই বাজারে ক্রেতাদের সাধারণত একবারে অন্তত ১০০টি কলা কিনতে হয়।

স্থানীয় ব্যবসায়ী আরিফুল ইসলাম বলেন, ভোরে কৃষকদের বাগান থেকে পাইকারেরা কলা সংগ্রহ করে হাটে আনেন। আবার অনেক কৃষক সরাসরি তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন। সারা দিন চলে বেচাকেনা। ভাদসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম জানান, আগে দুর্গাদহে সাধারণ হাট বসত এবং পরবর্তী সময়ে এটি কলার হাট হিসেবে পরিচিতি লাভ করে।

সাগর, মালভোগ ও চম্পা জাতের কলার আধিক্য থাকে এই হাটে, যার মধ্যে চম্পা কলার বেচাকেনা সবচেয়ে বেশি হয়। এই ব্যবসাকে কেন্দ্র করে কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি শ্রমিক, পরিবহনচালক, কলা ওঠানো-নামানোর কর্মী এবং আড়তদারদের কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে বাণিজ্যিক পরিধি বাড়লেও গত চার দশকে হাটের জায়গা বাড়েনি।

জায়গা সংকুচিত থাকার কারণে ট্রাক, পিকআপ ও ভটভটি চলাচলে চালকদের বড় ধরনের ভোগান্তি পোহাতে হয়। সদর উপজেলার ব্যবসায়ী হারুনর রশীদ জানান, হাটের পরিসর ও অবকাঠামো উন্নত করা হলে ব্যবসায়ীদের এই দুর্ভোগ দূর হতো।

চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। উৎপাদন ভালো হলেও বাজারে দাম কমে যাওয়ায় চাষিরা লোকসানের মুখে পড়েছেন। সদর উপজেলার বড় মাঝিপাড়ার কৃষক শহিদুল ইসলাম জানান, কিছুদিন আগেও প্রতি শ কলা ৪০০ টাকায় বিক্রি হলেও পরে তা কমে আড়াইশ টাকায় নেমে আসে। সরবরাহ বেশি থাকায় আশানুরূপ দাম না পাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে।

পাকুড়তলি গ্রামের কৃষক গোলজার হোসেন এবার ২৫ বিঘা জমি বর্গা নিয়ে কলা চাষ করেছেন। জমি বর্গা ও পরিচর্যা বাবদ প্রতি বিঘায় তার ৬০ হাজার টাকা খরচ হয়েছে এবং সব মিলিয়ে বিনিয়োগ প্রায় ১৫ লাখ টাকা। এখন পর্যন্ত তিনি দুই লাখ টাকার কলা বিক্রি করেছেন এবং গাছের বাকি ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন।

কৃষি বিভাগ জানিয়েছে, কলার উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, দুর্গাদহ হাটে জায়গার যে সংকট রয়েছে, তা নিরসনের জন্য হাট সম্প্রসারণের জায়গা খোঁজা হচ্ছে।