রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
সাংস্কৃতিক সন্ধ্যা

দিনাজপুরে সুরের আকাশের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী গজল সন্ধ্যা

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৫, ২০২৬, ০২:৩৪ পিএম

দিনাজপুরে সুরের আকাশের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী গজল সন্ধ্যা

ছবি: দিনাজপুর টিভি

“গজলের সুরে-শান্তির খোঁজে এক সন্ধ্যা...” — দীর্ঘদিন পর দিনাজপুরে গজলপ্রেমী শ্রোতাদের পিপাসা মেটাতে সুরের আকাশের আয়োজনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী গজল সন্ধ্যা। গতকাল রাতে নজরুল বর্ষকে সামনে রেখে দিনাজপুর শিল্পকলা একাডেমি মঞ্চে এই আয়োজন করা হয়।

সুরের আকাশের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে গজল গেয়ে শ্রোতাদের মাতিয়ে তোলেন সম্মানিত অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান, দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলী হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাটোয়ারী বিজনেস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন।

অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন কৃতি রায়। এছাড়া মেহেদী হাসানের গজল পরিবেশন করেন শফিকুল ইসলাম বকুল, গোলাম আলীর গজল শিমুল রানী কর্মকার, জগজিৎ সিংয়ের গান পান্থ আহমেদ, ওস্তাদ রশীদ খানের গজল শিউলী দে, পঙ্কজ উদাসের গজল পলাশ দাস এবং জগদীশ সিংয়ের গান পরিবেশন করেন নোভা ও সাধনা। নজরুল গীতি পরিবেশন করেন ডা. শহিদুল ইসলাম খান। অর্পিতা ঘোষালের গজল পরিবেশন করেন ফরহাদ আহমেদ এবং পঙ্কজ উদাসের গজল শোনান হাবিবুল হক তুষার। রওনক আরা হক নীপার পরিচালনায় নৃত্য পরিবেশন করেন শিল্পীবৃন্দ। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রভাষক হারুন-অর-রশিদ।

সুরের আকাশের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, পারস্য থেকে গজল গানের আবির্ভাব ঘটে। পরবর্তীতে ভারতসহ এই উপমহাদ্রে্যের বিভিন্ন দেশে তা ছড়িয়ে পড়ে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় সারা বিশ্বে শ্রোতাদের মন জয় করে চলেছে গজল গান। আমরা ইতিপূর্বে গজল সংগীত ও শাস্ত্রীয় সংগীতের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান দিনাজপুরবাসীকে উপহার দিয়েছি। বিদেশি সংস্কৃতি যে হারে আমাদের যুবসমাজকে গ্রাস করছে, তার ফলে আমাদের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এ ধরনের সংগীত পরিবেশনের মাধ্যমে আমাদের প্রজন্ম শিল্পীদের উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস।

সংগীত পরিবেশনায় যন্ত্রশিল্পীদের মধ্যে বেজ গিটারে ছিলেন অশোক কুমার, কিবোর্ডে পলাশ দাস ও প্রণয় দাস, তবলায় লোটন সরকার, অলোকেশ অধিকারী ও শুভ রঙ্গম লাহা, অক্টোপ্যাডে বিশ্বজিৎ দাস এবং গিটারে এস. আর. সবুজ।