রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
ধর্মীয় উৎসব

চিরিরবন্দরে দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, চণ্ডী ও গীতাপাঠ অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১৫, ২০২৬, ০১:১১ পিএম

চিরিরবন্দরে দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, চণ্ডী ও গীতাপাঠ অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি

বাংলাদেশে এই প্রথম দুই সহস্রাধিক কণ্ঠে পবিত্র বেদ, শ্রীশ্রী চণ্ডী ও শ্রীমদ্ভগবদ্গীতার সমবেত পাঠ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আয়োজন করা হয় বৈদিক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের বর্ণাঢ্য মিলনমেলা-২০২৬।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাঝিনায় অবস্থিত চিবুকা দেবী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত গীতা স্কুলের শিক্ষার্থী ও ভক্তবৃন্দ অংশ নেন। পবিত্র ধর্মগ্রন্থের সমবেত পাঠের ধ্বনিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। এই আয়োজনের মধ্য দিয়ে বৈদিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সনাতন সংস্কৃতির চর্চায় এক নতুন মাত্রা যোগ হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী দুলাল চন্দ্র রায়। অনুষ্ঠানের আহ্বায়ক ও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বৈদিক সনাতন প্রচার সংঘের প্রতিষ্ঠাতা শ্রী তুষার রঞ্জন রায় কেশব। এ ছাড়া অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন শ্রী প্রফুল্ল কুমার রায় এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী উত্তম কুমার রায়।

অনুষ্ঠানে বক্তারা বৈদিক শিক্ষা ও গীতা পাঠের অপরিসীম গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন। পাশাপাশি শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বাংলাদেশ বৈদিক সনাতন প্রচার সংঘ ও বৈদিক আশ্রয় কেন্দ্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলা বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক অনন্য মিলনকেন্দ্রে পরিণত হয়।