রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ১২:৪৯ পিএম

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

মেটার লোগো

ব্যবহারকারীদের নির্দিষ্ট সম্মতি ছাড়াই স্মার্টফোনে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিওতে প্রবেশের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড ডিভাইসে ফেসবুক অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট ডেটায় প্রবেশ করেছে মেটা।

এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে সুনির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি এবং বিষয়টি সম্পর্কে তাদের যথাযথভাবে অবহিতও করা হয়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ গারান্তে এ জরিমানার ঘোষণা দেয়। ফেসবুকের গ্যালারি সাজেশন ফিচারকে কেন্দ্র করেই মূলত মেটার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

২০২৩ সাল থেকে চালু থাকা এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় তাদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্টের পরামর্শ দেখতে পান। ইতালির নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য, ফেসবুক অ্যাপের জন্য একবার অনুমতি দিলেই পুরো অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সেই অনুমোদন কার্যকর হতো। এর আগে ব্যবহারকারীদের কাছে একটি সাধারণ নোটিশ পাঠানো হতো, যেখানে অন্যান্য ফিচার চালুর অনুমতি চাওয়া হতো।

কিন্তু ওই নোটিশ থেকে ব্যবহারকারীদের বোঝার সুযোগ ছিল না যে এর মাধ্যমে তাদের ফোনের গ্যালারি থেকেও ছবি ও ভিডিও ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের মতে, ফিচারটি ইউরোপীয় ইউনিয়নের ই-প্রাইভেসি নির্দেশনা বাস্তবায়নে করা ইতালির আইনের লঙ্ঘন। জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় দেশটিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তদন্ত চলাকালে মেটার অসহযোগিতাকেও জরিমানার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে ২০১৯ সালে একই ধরনের একটি লঙ্ঘনের ঘটনায় মেটাকে জরিমানা করার বিষয়টি এবার বিবেচনায় রাখা হয়। মেটার বার্ষিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪ শতাংশের সমান এ জরিমানা নির্ধারণ করা হয়েছে।

তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন এবং জরিমানার অযৌক্তিক পরিমাণের সঙ্গে তারা জোরালোভাবে দ্বিমত পোষণ করেন। এখন থেকে সংশ্লিষ্ট ফিচারের জন্য মেটাকে আলাদাভাবে ও সুনির্দিষ্টভাবে ব্যবহারকারীদের সম্মতি নিতে হবে।

পাশাপাশি ফিচারটি কী কাজে ব্যবহৃত হবে এবং কীভাবে তা বন্ধ করা যাবে, সেই তথ্যও ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানাতে হবে।