নভেম্বর ১৫, ২০২৬, ১০:১২ এএম
আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্স। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের কয়েকটি সংস্করণে থাকা ‘ওর্স কোয়েরি’ নামের একটি নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে ক্ষতিকর অ্যাপ অন্য অ্যাপের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। এতে আইফোনে সংরক্ষিত ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য চুরির ঝুঁকি তৈরি হয়েছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিন্যান্সের পক্ষ থেকে আইফোন ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, অ্যাপলের অফিশিয়াল অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপগুলো মুছে ফেলতে। পাশাপাশি ডিভাইসের অপারেটিং সিস্টেম সর্বশেষ সংস্করণে আপডেট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাধারণত আইফোনে প্রতিটি অ্যাপের জন্য আলাদা ও সুরক্ষিত জায়গা বা স্যান্ডবক্স নির্ধারিত থাকে। ফলে একটি অ্যাপ অন্য অ্যাপের ব্যক্তিগত ফাইল বা তথ্য সরাসরি দেখতে পারে না।
কিন্তু ‘ওর্স কোয়েরি’ নামের কথিত নিরাপত্তা ত্রুটিটি এই সুরক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। এর সুযোগ নিয়ে কোনো ক্ষতিকর অ্যাপ একই ডিভাইসে থাকা অন্য অ্যাপের ব্যক্তিগত ফাইল পড়তে, কপি করতে কিংবা পরিবর্তন করতে পারে।
বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের জন্য বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। কারণ, ডিজিটাল ওয়ালেটের রিকভারি ফ্রেজ বা গোপন কী অন্যের হাতে চলে গেলে ওয়ালেটে থাকা অর্থ চুরি হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া ব্যক্তিগত বার্তা, ছবি, নথি ও সংরক্ষিত পাসওয়ার্ডও মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
বিন্যান্সের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট কয়েকটি সংস্করণে চলা ডিভাইসগুলোতে এই ত্রুটি শনাক্ত হয়েছে। অন্যদিকে, গিটহাবে ‘তাজ’ নামে পরিচিত এক স্বাধীন সফটওয়্যার গবেষকের দাবি, আইওএস ২৬-এর প্রায় সব সংস্করণেই এ ধরনের দুর্বলতা থাকতে পারে। তার পর্যবেক্ষণ অনুযায়ী, আইওএস ২৬ থেকে শুরু করে ২৬.৭.২ সংস্করণ পর্যন্ত ডিভাইসগুলোও ঝুঁকির আওতায় আসতে পারে।
তবে এখন পর্যন্ত এই নির্দিষ্ট ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকারদের ক্রিপ্টো ওয়ালেট থেকে অর্থ চুরির কোনো নিশ্চিত ঘটনা পাওয়া যায়নি। বিন্যান্সের এক মুখপাত্র ক্রিপ্টো নিউজকে জানিয়েছেন, এখন পর্যন্ত তারা এমন কোনো নিশ্চিত ঘটনা শনাক্ত করেননি, যেখানে আক্রমণকারীরা ওর্স কোয়েরি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে প্রবেশ করেছে বা অর্থ চুরি করেছে।
এদিকে অ্যাপল বিভিন্ন অপারেটিং সিস্টেমের নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। এসব আপডেটে একাধিক নিরাপত্তা ত্রুটি সংশোধনের কথা জানানো হয়েছে। এর মধ্যে একটি ত্রুটির কারণে ক্ষতিকর অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশ করতে পারত। তবে প্রকাশিত আপডেটে ‘ওর্স কোয়েরি’ নামে আলোচিত ত্রুটিটি সরাসরি সমাধান করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কোনো আইফোন ব্যবহারকারী নিজের ডিভাইস আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করলে বিন্যান্স কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। প্রথমত, অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা সন্দেহজনক অ্যাপ মুছে ফেলতে হবে। দ্বিতীয়ত, আইফোনের অপারেটিং সিস্টেম সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে। তৃতীয়ত, ডিভাইস আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে পরিচ্ছন্ন ও নিরাপদ ডিভাইস ব্যবহার করে নতুন ক্রিপ্টো ওয়ালেট তৈরি করতে হবে। চতুর্থত, পুরোনো ওয়ালেটের পরিবর্তে নতুন ওয়ালেটে অর্থ স্থানান্তর করতে হবে। পঞ্চমত, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর সক্রিয় লগইন সেশন বন্ধ করে দিতে হবে। বিন্যান্সের ভাষ্য, আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে নিরাপদ ডিভাইসে তৈরি নতুন ওয়ালেটে অর্থ স্থানান্তর করাই হবে সবচেয়ে সতর্ক পদক্ষেপ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন