নভেম্বর ১৫, ২০২৬, ০৭:০৯ এএম
ভবিষ্যতের প্লেস্টেশন কনসোলের জন্য নতুন একটি পেটেন্ট আবেদন করেছে প্রযুক্তি জায়ান্ট সনি। ভিডিও গেম কন্ট্রোলার-ড্রাইভেন ইনফরমেশন ট্রান্সফার নামের এই প্রযুক্তির মাধ্যমে গেমাররা খুব সহজেই প্লেস্টেশন কন্ট্রোলারে এনএফসি প্রযুক্তির সাহায্যে পেমেন্ট ও অ্যাকাউন্ট তথ্য আদান-প্রদান করতে পারবেন।
এই পেটেন্ট অনুযায়ী, কন্ট্রোলারটি কাছাকাছি থাকা মোবাইল ফোন বা ক্রেডিট কার্ডের উপস্থিতি শনাক্ত করতে পারবে। এরপর স্মার্টফোন থেকে প্রয়োজনীয় তথ্য সংকেতের মাধ্যমে কন্ট্রোলারে আসবে এবং তা সরাসরি কনসোলে পৌঁছে যাবে।
ব্লুটুথ বা নিয়ার-ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তির সহায়তায় এই সংযোগ কাজ করবে। আইফোন বা অ্যাপল ওয়াচে যেভাবে কন্ট্যাক্টলেস পেমেন্ট করা হয়, ঠিক একইভাবে এই সুবিধা মিলবে প্লেস্টেশন কন্ট্রোলারে।
ডিজিটাল ফরম্যাটে সম্পূর্ণ রূপান্তরের অংশ হিসেবে চেকআউট প্রক্রিয়া সহজ করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। দীর্ঘ সময় ধরে অন-স্ক্রিন কীবোর্ড দিয়ে কার্ডের নম্বর বা পাসওয়ার্ড টাইপ করা গেমারদের জন্য বেশ ঝামেলার বিষয়।
এই ফিচার চালু হলে প্লেস্টেশন স্টোর থেকে গেম বা যেকোনো সামগ্রী কেনাকাটা আরও সহজ হবে। শুধু পেমেন্ট নয়, বন্ধুদের কনসোলে নিজের প্রোফাইল লগইন করা কিংবা অ্যাকাউন্ট স্থানান্তর করাও অনেক দ্রুত সম্ভব হবে।
তবে পেটেন্টে এই ধারণা প্রকাশ পেলেও বাস্তবে এই ফিচার কবে নাগাদ আসবে তা নিশ্চিত নয়। নিরাপত্তা এবং সিস্টেমের অন্যান্য প্রযুক্তিগত বিষয়গুলো সমাধান করেই সনি এই নতুন ফিচার বাজারে আনতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন