নভেম্বর ১৫, ২০২৬, ০৬:২৫ এএম
শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়টি আইনি পথেই সমাধান করা হবে বলে জানিয়েছে ভারত। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা জানান। তবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুটি শর্ত দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে নিতে হলে বাংলাদেশের সামরিক বাহিনীকে উদ্যোগী হতে হবে। একই সঙ্গে তাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং নতুন বিচারের নিশ্চয়তা দিতে হবে ঢাকাকে। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। এর আগে দুই দফা তার প্রত্যার্পণ চেয়ে কূটনৈতিকপত্র পাঠিয়েছে বাংলাদেশ। তবে নয়াদিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সাড়া দেওয়া হয়নি বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
২০২৪ সালের অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্যানুযায়ী, তৎকালীন সরকারের আমলে পদ্ধতিগত দমনপীড়ন চালানো হয়েছিল। বিচার প্রক্রিয়ার অংশ হিসেবেই সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছে বর্তমান সরকার।
ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। বাণিজ্য, রেলওয়ে, পানি সম্পদ এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে দুই পক্ষ। এছাড়া দুই দেশের পরবর্তী কনস্যুলার সংলাপ সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: The Daily Star

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন