শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৬:৩৩ পিএম

পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই

ফাইল ছবি

১৯৭৩ সালের পাসপোর্ট আইনের আওতায় শেখ হাসিনাকে পলাতক মানবতাবিরোধী অপরাধী হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই আইনের কারণে তার দেশে ফেরার বা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার ১৪ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

আইনি ব্যবস্থার প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী জানান, মানবতাবিরোধী অপরাধ এবং হত্যা মামলায় তার যে দণ্ড হয়েছে ও যেগুলো বিচারাধীন রয়েছে, প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে। শেখ মুজিবুর রহমানের তৈরি করা আইন অনুযায়ী তিনি এখন একজন পলাতক অপরাধী।

আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, দলটির শীর্ষ নেতারা বিদেশে ফ্ল্যাট কিনে বসবাস করলেও দেশের তৃণমূল কর্মীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, গুম-খুন ও নিপীড়নের মুখেও জাতীয়তাবাদী শক্তির মাথা নত হবে না। দেশজুড়ে গণতান্ত্রিক শক্তি পথে পথে ব্যারিকেড গড়ে তুলবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।