নভেম্বর ১৪, ২০২৬, ০৬:০১ পিএম
তৈরি পোশাক খাতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার পোশাক কারখানাগুলো বন্ধ রাখা হবে। শনিবার চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে এই হুঁশিয়ারি দেন তিনি।
শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশের রপ্তানি আয় বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যেখানে কর্মীরা হাজিরা দিয়েই বের হয়ে যাচ্ছেন। চলমান এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ইতোমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ।
একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না বলে সংবাদ ব্রিফিংয়ে জানান মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, এই মুহূর্ত থেকে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে। সংগঠনটি সবসময় বর্তমান সরকারের সঙ্গে কাজ করে এবং তাদের কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা নেই।
গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হলেও এর আগেই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্প খাতে বিশৃঙ্খলা শুরু হয়। মজুরি বোর্ড গঠনের পর থেকেই অরাজক পরিস্থিতি তৈরির পেছনে মালিকপক্ষকে চাপের মুখে ফেলে অযৌক্তিক মজুরি ঘোষণা করানোর অভিসন্ধি থাকতে পারে বলে জানান তিনি। শ্রম আইন অনুযায়ী শিল্পমালিকরা পরবর্তী পদক্ষেপে কারখানা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন