শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

কলাপাড়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৫:১৭ পিএম

কলাপাড়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ভাইরাল হওয়া ভিডিওর একটি দৃশ্য

পটুয়াখালীর কলাপাড়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ইয়াবা সেবনের ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার ছড়িয়ে পড়া এই ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাহিদ খান এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানকে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

একটি আবদ্ধ কক্ষে স্বেচ্ছাসেবক দলের ওই নেতার সহযোগিতায় ছাত্রদল নেতাকে সেখানে ইয়াবা সেবন করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন স্থানীয়রা। তবে এই ভিডিওটির সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রদল নেতা মো নাহিদ খান।

রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হেয়প্রতিপন্ন করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করেছে বলে দাবি করেন তিনি। নাহিদ খান বলেন, আমার একটি সামাজিক অবস্থান রয়েছে, আমি এ ধরনের মাদকের সঙ্গে জড়িত নই তা এলাকার মানুষ জানেন। রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করতে এআই দিয়ে ভিডিওটি তৈরি করে প্রচার করেছে বলে আমার ধারণা, এ বিষয়ে এর বেশি কিছু জানি না।

এদিকে ভিডিওটিতে যার সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, সেই স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং উপজেলা নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন বলেন, বিষয়টি তিনি কেবলই জানতে পেরেছেন এবং উপজেলা পর্যায়ে খোঁজখবর নিয়ে অপরাধের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।