নভেম্বর ১৪, ২০২৬, ০৪:৪৭ পিএম
দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে চলমান সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এই প্রযুক্তির সহায়তা নেওয়া হবে।
তবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হলেও ভিএআর কার্যক্রম পরিচালিত হবে থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে। রিমোট ভিএআর পদ্ধতিতে পরিচালিত এই কার্যক্রমে মাঠের রেফারিদের সহায়তা করবেন প্রশিক্ষিত ও ফিফা স্বীকৃত ভিডিও ম্যাচ কর্মকর্তারা।
সাফ চ্যাম্পিয়নশিপের সূচি অনুযায়ী, আজ শনিবার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সাফের শেষ তিন ম্যাচেই প্রথমবারের মতো ব্যবহৃত হবে এই প্রযুক্তি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাফ প্রথমবারের মতো ভিএআর ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ এশীয় ফুটবল কনফেডারেশনের সঙ্গে এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং আসিয়ান ফুটবল ফেডারেশন। প্রযুক্তিগত দায়িত্বে রয়েছে স্পেনভিত্তিক ফিফা-সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান কোয়ালিটি। আন্তর্জাতিক বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় ভিএআর সেবা দেওয়া প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হয় থাইল্যান্ড থেকে।
রিমোট ভিএআর পদ্ধতিতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ চলাকালে মাঠের ক্যামেরায় ধারণ করা সরাসরি ভিডিও চিত্র পাঠানো হবে থাইল্যান্ডের কেন্দ্রীয় ভিএআর অপারেশনস হাবে। সেখানে দায়িত্ব পালন করবেন প্রশিক্ষিত ভিডিও ম্যাচ অফিশিয়ালরা। মাঠের রেফারির কোনো সিদ্ধান্তে গুরুতর ভুলের আশঙ্কা দেখা দিলে কিংবা নিয়ম অনুযায়ী পর্যালোচনাযোগ্য কোনো ঘটনা ঘটলে তারা ভিডিও ফুটেজ পরীক্ষা করবেন। এরপর তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ সরাসরি ঢাকায় থাকা ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী মাঠের রেফারি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারবেন।
পুরো প্রক্রিয়া পরিচালিত হবে আন্তর্জাতিক ফুটবলের আইনপ্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নির্ধারিত ভিএআর প্রটোকল অনুসারে। এই ব্যবস্থার ফলে প্রযুক্তি ব্যবহারের জন্য ঢাকার জাতীয় স্টেডিয়ামে পূর্ণাঙ্গ ভিডিও অপারেশন কেন্দ্র স্থাপনের প্রয়োজন হচ্ছে না। মাঠে সরাসরি ধারণ করা ভিডিও চিত্র দূরবর্তী নিয়ন্ত্রণকক্ষ পাঠানোর মাধ্যমে পর্যালোচনার কাজ সম্পন্ন হবে।
জাতীয় স্টেডিয়ামে প্রযুক্তিটির কার্যক্রম নির্বিঘ্ন করতে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর। ভিডিও চিত্রের আদান-প্রদান, যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো সচল রাখতে কোয়ালিটির বিশেষজ্ঞরা স্টেডিয়ামে কাজ করছেন। এ ছাড়া সেমিফাইনাল ও ফাইনালের জন্য মনোনীত সব রেফারি এবং সহকারী রেফারিকে ভিএআর ব্যবহারের নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় সনদও রয়েছে বলে জানিয়েছে সাফ।
তবে ঢাকায় খেলা হলেও কেন ভিএআর পরিচালনার দায়িত্ব থাইল্যান্ডের হাতে—এমন প্রশ্নের জবাবে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, ভিএআর পরিচালনার নিয়ন্ত্রণকেন্দ্র ম্যাচের আয়োজক দেশেই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলেও এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে। আসিয়ান ফুটবল ফেডারেশনের অধীনে ইন্দোনেশিয়া থেকে মিয়ানমারসহ বিভিন্ন দেশের ম্যাচের ভিএআর কার্যক্রম থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে পরিচালিত হয়।
সাফের সাধারণ সম্পাদক এই উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, আধুনিক ফুটবলে ভিএআর এখন অবিচ্ছেদ্য অংশ। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভুলতা বাড়ানোর পাশাপাশি ন্যায্যতা, স্বচ্ছতা ও খেলাধুলার সততা বজায় রাখতে এই প্রযুক্তি ভূমিকা রাখবে। প্রতিযোগিতার পেশাদার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করেন তিনি।
এদিকে সাফে ভিএআর চালুর পেছনে রেফারিং নিয়ে সাম্প্রতিক অসন্তোষও আলোচনায় এসেছে। ভুটানের বিপক্ষে ড্রয়ের পর শ্রীলঙ্কার কোচ রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানিয়েছিলেন যে ভিএআর থাকলে ফলাফল ভিন্ন হতে পারত। এরপর সাফের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক আন্তর্জাতিক ফুটবলের রেফারিং মানের সঙ্গে সামঞ্জস্য রাখতেই টুর্নামেন্টের শেষ পর্যায়ে এই প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন