নভেম্বর ১৪, ২০২৬, ১০:৪১ এএম
কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গুয়াতেমালার বিপক্ষে খেলার প্রথমার্ধেই ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস। শুক্রবার গুয়াতেমালা সিটির এস্তাদিও এল ত্রেবোল স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে এই ঘটনা ঘটে।
ম্যাচের ওই সময় গুয়াতেমালার আক্রমণ ঠেকানোর চেষ্টার সময় বক্সের ভেতরে ঘাসেই পিছলে যান এই লেফট ব্যাক। এরপর দ্রুত উঠে দাঁড়িয়ে ডারউইন লমের শট ব্লক করার চেষ্টা করেই বেঞ্চের দিকে ইশারা করেন তিনি।
বাধ্য হয়েই ম্যাচের শুরুতেই মাঠ ছাড়তে হয় বায়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলারকে। তবে মাঠ ছাড়ার সময় তার পায়ে কোনো ল্যাংড়ানি বা খুঁড়িয়ে চলার লক্ষণ দেখা যায়নি এবং তিনি নিজেই হেঁটে মাঠ ছাড়েন।
এর আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল এই কানাডিয়ান ডিফেন্ডারকে। এমনকি হানিমুনের কারণে চলতি শরতের তিনটি প্রীতি ম্যাচেও অংশ নেননি এই ফুটবলার।
ম্যাচটির প্রথমার্ধ শেষে কানাডা দল ৩-০ গোলে এগিয়ে ছিল। আগামী সোমবার রাতে টরন্টোতে দুই দলের মধ্যকার ফিরতি লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন