নভেম্বর ১৪, ২০২৬, ১০:৩৫ এএম
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এতে গত শনিবার ভোর থেকে গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় দেড়শ যানবাহন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত দশ নভেম্বর একটি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষা সফরে কক্সবাজার ও বান্দরবান যান। সফর শেষে গত শুক্রবার চাঁদপুরের হরিনা ফেরিঘাট থেকে ফেরি কাকলীতে করে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে রওনা হন তারা। ফেরি থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নামিয়ে দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী ফেরির সামনের অংশে অবস্থান করছিল। এ সময় বালুবাহী একটি বাল্কহেডের সঙ্গে ফেরিটির সংঘর্ষ হয়। এতে ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এ ঘটনায় তরিকুল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।
নৌ পুলিশ জানায়, ফেরি ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় চাঁদপুর সদর থানায় নৌ পুলিশের এক উপপরিদর্শক মামলা করেছেন। মামলায় ফেরি ও বাল্কহেডসংশ্লিষ্ট চারজনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তবে ফেরির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, দুর্ঘটনার পর চাঁদপুরের আলুবাজার নৌ পুলিশ ফাঁড়ি ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এর প্রতিবাদে তার মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপারের ক্ষেত্রে ফেরি চালু রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।
ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রী, ট্রাকচালক ও ব্যবসায়ীরা। বিশেষ করে কাঁচামাল ও পচনশীল পণ্য পরিবহনকারী যানবাহন সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা।
ট্রাকচালক সাগর বলেন, ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সময় ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই নষ্ট হচ্ছে। গাড়িতে থাকা কাঁচামাল ও পচনশীল পণ্য নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ব্যবসায়ীদের বড় ধরনের লোকসান হবে। বাসচালক জলিল জানান, তিনি যশোর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। ঘাটে এসে ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন। আগে থেকে জানলে এই রুটে আসতেন না উল্লেখ করে তিনি বলেন, এখন যাত্রী ও চালক সবাই চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।
একই ভোগান্তির কথা জানান যাত্রী ছলেমান। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। জরুরি কাজে যাওয়া মানুষও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। দ্রুত ফেরি চালু করে যাত্রীদের দুর্ভোগ কমানোর দাবি জানান তিনি।
বিআইডব্লিউটিসির মাস্টার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুর রব বলেন, ফেরি দুর্ঘটনার শিকার হলে নৌ অধ্যাদেশ আইন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। তবে নৌ পুলিশকে একাধিকবার জানানোর পরও তাদের একজন মাস্টারকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। তার দাবি, নিহত শিক্ষার্থীর পরিবারও কোনো অভিযোগ করেনি; বরং দুর্ঘটনার জন্য বাল্কহেডকে দায়ী করেছে। এরপরও ফেরির মাস্টারকে গ্রেফতার করা হয়েছে। মোশাররফ হোসেনকে মুক্তি না দিলে সারা দেশে ফেরি চলাচল বন্ধের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ফেরির মাস্টাররা উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। দুর্ঘটনার দিন চ্যানেলে প্রবেশের সময় অবৈধ বাল্কহেডগুলোকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও বাল্কহেডটি ফেরিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরির মাস্টারকে গ্রেফতার করায় তার মুক্তির দাবিতে কর্মকর্তা-কর্মচারী ও মাস্টাররা কর্মবিরতি পালন করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে ফেরি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পেছনে ফেরি ও বাল্কহেডের চালক উভয়ের দায় রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে ফেরি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন